স্বামীকে অক্ষত অবস্থায় ফেরত চাই: সালাহ উদ্দিনের স্ত্রী
ইত্তেফাক রিপোর্ট
সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ বলেছেন, পেছনের দিকে ফিরে তাকাতে চাই না। কি কারণে আমার স্বামীকে আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়েছে তাও জানতে চাই না। আমি আগেও বলেছি, এখনো বলছি- আমার স্বামীকে অক্ষত অবস্থায় ফেরত চাই ।
সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ ৫৩ দিনেও নিখোঁজ স্বামীকে খুঁজে না পেয়ে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। এরআগেও স্বামীকে খুঁজে পেতে একাধিকবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছিলেন তিনি।
শনিবার বিকেলে নিখোঁজ সালাহ উদ্দিনের বাসায় তারা সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এদিকে বিএনপির নিখোঁজ যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে অক্ষত ফেরত দিতে সরকারের কাছে ফের দাবি জানিয়েছে বিএনপি ।
দলটির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেন, বিএনপি প্রত্যাশা করে সরকার উচ্চ আদালতের নির্দেশক্রমে নিখোঁজ সালাহ উদ্দিন আহমেদকে অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফেরত দেবে। রিপনের নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল হাসিনা আহমেদকে সমবেদনা জানান।
বিএনপির আরেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম এসময় উপস্থিত ছিলেন।
রিপন বলেন, দেশের আইন শৃঙ্খলা বাহিনী বিদেশে শান্তি মিশনে কাজ করে সুনাম অর্জন করছে সেখানে সালাহ উদ্দিন আহমদকে আইন-শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে হত্যা করবে তা ভাবা যায় না। ভাবতেও চাই না। গণমাধ্যমের তথ্যমতে সালাহ উদ্দিন আহমেদকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছে।
প্রসঙ্গত, বিএনপি ও তার পরিবারের দাবি গত ১০ মার্চ রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সালাহ উদ্দিন আহমেদকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
