আবুল বারকাতকে হত্যার হুমকি, থানায় জিডি

আপডেট : ০২ মে ২০১৫, ২১:৫৮
 
 
 
 
 
বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারকাতকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে তিনি রাজধানীর শাহবাগ থানায় জিডি করেছেন।
 
জিডিতে অভিযোগ করা হয়—গত ২৭ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে অধ্যাপক বারকাতের বাসায় ডাকযোগে পাঠানো একটি চিঠি আসে। ওই চিঠিতে উল্লেখ করা হয়, ‘অধ্যাপক সাহেব, পত্রিকায় দেখলাম—তুমি একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার জন্য জোড়ালো কথা বলছ। এই একটি কথা বলাতেই তোমার জীবনে নেমে আসবে অন্ধকার। এর ফল ভোগ করতে হবে পুরো পরিবারকে। তোমাকে বাঁচানোর মতো শক্তি আর কারো নেই।’
 
উল্লেখ্য, গত ১১ এপ্রিল বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত ‘বিচারহীনতা সংস্কৃতি, সাম্প্রদায়িকতা-মৌলবাদ-জঙ্গীবাদ: আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় অধ্যাপক আবুল বারকাত ‘বিচারহীনতার সংস্কৃতির, সাম্প্রদায়িকতা, মৌলবাদ ও মৌলবাদী জঙ্গিত্বের উত্থান, স্বরূপ, বিস্তৃতি ও কার্যকারণ সম্পর্ক: সমাধানে সংস্কার নয়, প্রয়োজন আমূল পরিবর্তন’ শিরোনামে একটি প্রবন্ধ পাঠ করেন।