'সিটি নির্বাচনে বিএনপির হয়তো খারাপ উদ্দেশ্য ছিল'

আপডেট : ০২ মে ২০১৫, ২১:৫১
 
 
‘সিটি করপোরেশন নির্বাচনে তাদের (বিএনপি) হয়তো আরো খারাপ উদ্দেশ্য ছিল কিন্তু আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো তত্পর ছিল।’
 
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শনিবার বিকালে গণভবনে ধর্ম মন্ত্রণালয় এবং বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
 
প্রধানমন্ত্রী বলেন, ‘আন্দোলনের মাঠে (বিএনপি) যা করল, নির্বাচন করতে এসেও তাই করল। উনারা নির্বাচনে অংশগ্রহণ করে, ঘোষণা দিয়ে সব কিছু করল, কিন্তু তারা মাঠে নেই। তাদের প্রতিনিধি নাই, এজেন্ট নাই, কিছুই নাই। তিন ঘণ্টা পর সিটি করপোরেশন নির্বাচন থেকে নিজেদের প্রত্যাহার করল।’
উল্লেখ্য, গত ২৮ এপ্রিল ঢাকা দক্ষিণ ও উত্তর এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে দুপুর ১২টার দিকে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপি-সমর্থিত প্রার্থীরা।
 
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ধর্মমন্ত্রী মতিউর রহমান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর প্রমুখ বক্তব্য  দেন।