জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবেশ বিজ্ঞান বিভাগকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং ভূতাত্ত্বিক বিজ্ঞান ভবনের তৃতীয় তলায় ২৮ হাজার বর্গফুট জায়গা বরাদ্দ দেয়ার ঘটনায় শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিজ্ঞান বিভাগের শিক্ষকরা গণপদত্যাগ করেছেন। অন্যদিকে ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষকরা আগামীকাল পদত্যাগ করবেন বলে জানিয়েছেন।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জায়গা বরাদ্দের এই সিদ্ধান্ত গ্রহণ করে। অন্যদিকে এই দুই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা তৃতীয়তলা বরাদ্দের দাবিতে এবং শিক্ষাকার্যক্রম স্বাভাবিক করার দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন।
পদত্যাগকারী শিক্ষকরা হলেন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মুহম্মদ হানিফ আলী, বিভাগীয় সভাপতি অধ্যাপক মোহাম্মদ শরীফ উদ্দিন, অধ্যাপক যুগল কৃষ্ণ দাস, অধ্যাপক মো. এমদাদুল ইসলাম, অধ্যাপক আকরাম হোসেন, অধ্যাপক মোহাম্মদ জাহিদুর রহমান, সহযোগী অধ্যাপক মো. হুমায়ুন কবির, সহযোগী অধ্যাপক ইসরাত জাহান, সহযোগী অধ্যাপক লিটন জুড রোজারিও, সহযোগী অধ্যাপক মো. গোলাম মোয়াজ্জাম, সহযোগী অধ্যাপক আবু সাঈদ মো. মোস্তাফিজুর রহমান, প্রভাষক সনজিত্ কুমার সাহা, স্বর্ণালী বসাক, তানজিলা রহমান ও তাহমিনা হাশেম।
এদিকে, ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষকরা গতকাল পদত্যাগ পত্র জমা দিতে পারেননি। তবে আগামীকাল সোমবার তারা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে পদত্যাগ পত্র জমা দেবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। এ ব্যাপারে ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি সহকারী অধ্যাপক মাজেদা ইসলাম বলেন, ‘সিন্ডিকেটের সিদ্ধান্তের প্রতিবাদে জরুরি বিভাগীয় সভায় উপস্থিত শিক্ষকরা গণপদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার আমরা রেজিস্ট্রার বারাবর পদত্যাগ পত্র পাঠবো।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মুহম্মদ হানিফ আলী বলেন ‘ভবন বরাদ্দ নিয়ে আগেই জটিলতা ছিল। এখন বিষয়টি আরো জটিলতর হলো।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক খবির উদ্দিন বলেন, প্রশাসনিকভাবে আমাদের বিভাগকে বরাদ্দ দেয়া হয়েছে। তাই প্রশাসনিকভাবেই আমরা ভবনে উঠতে চাই।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক জরুরি অফিস আদেশে জানানো হয়েছে, সোমবার বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে উক্ত তিনটি বিভাগের মধ্য স্থান বরাদ্দ নিয়ে ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে প্রশাসনিক সভা অনুষ্ঠিত হবে।
