বিয়ে করছেন দেশের জনপ্রিয় ডিজে সনিকা। আগামী মাসেই নতুন জীবনের সূচনা করতে যাচ্ছেন তিনি। তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। প্রায় ছয় মাস সম্পর্কের পর প্রেমিককে বিয়ে করছেন সোনিকা।
ছেলে জয়নুল আদি ইসলাম সেজান। পারিবারিকভাবেই বিয়ের পিঁড়িতে বসছেন।
জীবনের নতুন এক অধ্যায়ের শুরু প্রসঙ্গে সোনিকা বলেন, ‘সেজানের সাথে আমার পরিচয় প্রায় ছয় মাস। আমার এক বন্ধুর মাধ্যমে পরিচয় হয়। এরপর বন্ধুত্বের মধ্য দিয়েই প্রেমে জড়াই।
পরিবারের সিদ্ধান্তে আমরা বিয়ে করতে যাচ্ছি। বিয়ের পরেও ডিজের কাজ করে যাব। আমি চেয়েছিলাম আমার জীবনসঙ্গী আমার কাজের বিষয়ে ইতিবাচক থাকুক। সেজান তেমনই একজন ছেলে।’
সাংস্কৃতিক পরিবার থেকেই উঠে আসেন সোনিকা। মা বেতারে গান করতেন। সেই থেকেই গানের প্রতি ভালো লাগা। এক সময় ডিজের প্রতি ভালো লাগা শুরু হয়। এখন শুধু দেশেই না। দেশের বাইরেও বেশ অনেকগুলো শো করেছেন তিনি।
ডিজে করার পাশাপাশি অভিনয় করছেন সোনিকা। সম্প্রতি একটি নাটকে অভিনয় করেছেন তিনি। শিগগিরই একটি বেসরকারি টেলিভিশনে নাটকটি প্রচার হবে। এ প্রসঙ্গে সোনিকা বলেন, ‘অভিনয়টা আমার কাজ না। এটা মূলত শখের বসেই করা। মাঝে মাঝে হয়তো কাজ করব। তবে এখন নিয়মিত কাজ করাটা দর্শকদের প্রতিক্রিয়ার উপর নির্ভর করবে।’
