আজ বিটিভিতে রাত ১০টার ইংরেজি সংবাদের পর ‘ইত্যাদি’র রমনার বটমূলে ধারণ করা পর্বটি প্রচারিত হবে। যেহেতু ‘ইত্যাদি’ বৈশাখ মাসে রমনার বটমূলে ধারণ করা হয়েছিল তাই অনুষ্ঠানে আমাদের কৃষ্টি, লোক সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি বাংলা নববর্ষ ও বৈশাখকে প্রাধান্য দেওয়া হয়েছে। বিষয় বৈচিত্র্যে ভরপুর ‘ইত্যাদি’র এই পর্বে রয়েছে বেশ কয়েকটি হূদয়ছোঁয়া প্রতিবেদন। রয়েছে দেশের উত্তর প্রান্তের সীমান্তবর্তী উপজেলা ভূরুঙ্গামারীর চেয়ারম্যান আব্দুল হাই মাষ্টারের উপর একটি অনুসন্ধানী প্রতিবেদন। এবার ‘ইত্যাদি’র দর্শক বাছাই করা হয়েছে বৈশাখ এবং বাংলা সনকে ঘিরে করা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে। নির্বাচিত দর্শকদের নিয়ে করা হয়েছে একটি মজার পর্ব। রয়েছে মামা-ভাগ্নে ও নানি-নাতি পর্ব। এছাড়াও এবারের ‘ইত্যাদি’তে বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে ছিল বেশ কয়েকটি বিদ্রূপাত্মক নাট্যাংশ। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
