আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

আপডেট : ০৩ মে ২০১৫, ০৯:৪০


আজ ৩ মে; ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে বা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। জাতিসংঘ কর্তৃক ঘোষিত দিবসটি ১৯৯৩ সাল থেকে প্রতি বছর পালিত হয়ে আসছে। এবছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে—‘লেট জার্নালিজম থ্রাইভ’ অর্থাত্ ‘সাংবাদিকতাকে সমৃদ্ধ হতে দাও’। বাংলাদেশেও সাংবাদিকরা তাদের পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় এই দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে।
বাংলাদেশে সাংবাদিক অধিকার ফোরামের সভাপতি খায়রুজ্জামান কামাল ও সাধারণ সম্পাদক আতাউর রহমান এক যুক্ত বিবৃতিতে দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে পালন করার জন্য প্রেসক্লাব ও সাংবাদিক সংগঠনের প্রতি আহবান জানিয়েছেন।
আলোচনা সভা:গতকাল শনিবার ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উপলক্ষে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সহায়তায় ওমেন জার্নালিস্ট নেটওয়ার্ক বাংলাদেশ এক সেমিনারের আয়োজন করে। বিকেলে মাইডাস সেন্টারে ‘সাংবাদিকতার লক্ষ্য হোক বস্তুনিষ্ঠতা, জেন্ডার সমতা ও নিরাপত্তা’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়।
টিআইবির আহ্বান: গণমাধ্যমের ওপর অযাচিত হস্তক্ষেপ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাংশ কর্তৃক সাংবাদিক নির্যাতন ও দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা, ধর্মীয় উগ্রপন্থী কর্তৃক ব্লগার হত্যা ও দু’বছর আগে সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যাসহ গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষিতে গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একইসাথে নিরপেক্ষভাবে পেশাগত দায়িত্ব পালন ও বাংলাদেশের গণমাধ্যমকে নিরাপদে স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা পালনে সহায়ক পরিবেশ সৃষ্টির জন্য সরকারসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে টিআইবি। গতকাল শনিবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০১৫ উপলক্ষে এক বিবৃতিতে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এসব কথা বলেন।