ব্যয়বহুল ম্যাচে জয়ী বক্সার ফ্লয়েড

আপডেট : ০৩ মে ২০১৫, ১৫:০০
 
যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বক্সিংয়ের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল এক লড়াইয়ে আমেরিকান বক্সার ফ্লয়েড মেওয়েদার নিজের জয়ের রেকর্ডের ধারাবাহিকতা বজায় রেখেছেন। স্থানীয় সময় রবিবার এই ম্যাচ অনুষ্ঠিত হয়। খবর: বিবিসির।
 
কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ হিসেবে অ্যাখ্যা পাওয়া এই ম্যাচে সর্বসম্মত সিদ্ধান্তে ৩৮ বছর বয়সী এই বক্সার ফিলিপাইনের নামকরা আরেক বক্সার ম্যানি প্যাকুইয়াওকে হারিয়েছেন। লড়াই শেষে বিচারকদের বিবেচনায় স্কোর ছিল ১১৮-১১০, ১১৬-১১২ এবং ১১৬-১১২।
 
IMG0
 
 
১৯৯৬ সাল থেকে ৪৮টি ম্যাচে হার না মানা মেওয়েদার বক্সিংয়ে নিজের ডব্লিউবিসি এবং ডব্লিউবিএ শিরোপা ধরে রাখার পাশাপাশি প্যাকুইয়াওর কাছ থেকে ডব্লিউবিও বেল্ট কেড়ে নিলেন।
 
প্রায় ১৭ হাজার দর্শক এমজিএম গ্র্যান্ড গার্ডেন অ্যারেনাতে এই লড়াই প্রত্যক্ষ করেন। তাদের মধ্যে ছিলেন বহু নামকরা লোকজন। আর সারাবিশ্বে প্রায় ৩০ লাখ মানুষ এই বক্সিং দেখেছেন বলে ধারণা করা হচ্ছে।
 
টেলিভিশনে খেলা দেখতেও আমেরিকায় দর্শকদের ১০০ ডলার খরচ করতে হয়েছে।
 
 
IMG1
 
এই ম্যাচের টিকেটের চড়া মূল্যের পরও বহু টিকেট পুনরায় বিক্রি করা হয়। কেউ কেউ কালোবাজারীদের কাছ থেকে একটি টিকেট পেতে সাড়ে তিন লাখ ডলার পর্যন্ত খরচ করেছেন। টিকেটের গায়ে লেখা ছিল ‘দ্য ফাইট অব দ্য সেঞ্চুরি’।