বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বর্তমান সরকারের আমলে অসাম্প্রদায়িক অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। ধর্মীয় মৌলবাদীরা এমন জায়গায় পৌঁছেছে কেবলমাত্র ভিন্ন ধর্ম নয়- তাদের হাতে নিজের ধর্মের লোক নিহত ও নিগৃহীত হচ্ছে। মৌলবাদীদের হাত থেকে কোন ধর্মই রক্ষা পাচ্ছে না।
রবিবার কমলাপুর ধর্মরাজিক বৌদ্ধবিহারে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা দিচ্ছিলেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু। বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, ভারত থেকে আগত বৌদ্ধ ধর্মীয়নেতা হেমাঙ্ক বিশ্বাস চৌধুরী ও বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মহাসচিব ও আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য ড. প্রণব কুমার বড়ুয়া।
এতে সভাপতিত্ব করেন বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি , সংঘনায়ক ধমাধিপতি শুদ্ধানন্দ মহাথের।
এর পূর্বে সকাল সাড়ে ৬টায় প্রভাতফেরি, ভিক্ষুসংঘের প্রাত:রাশ ও শান্তির শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় বুদ্ধপুজা, শীল গ্রহণ, সংঘদান এবং বাংলাদেশ ও বিশ্বের শান্তি কামনায় সমবেত প্রার্থনা এবং পূজনীয় ভিক্ষু সংঘকে পিন্ডদান করা হয়।
মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, পৃথিবীতে বৌদ্ধধর্ম প্রচারের পর সব চেয়ে বেশী বৌদ্ধ ধর্ম প্রচার হয়েছে বাংলাদেশে। বৌদ্ধ ধর্ম এ দেশে বেশি বিকশিত হয়েছে।
তিনি বলেন, আগামী অক্টোবর মাসে বৌদ্ধ ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে বৌদ্ধ ধর্মের নিদর্শন গুলো দেখানো হবে।
মেনন বলেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি ঠিক নয়্ যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন তারা পশুতুল্য।
