‘পিন্টুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে’

আপডেট : ০৩ মে ২০১৫, ১৯:৫২
 
 
 
 
পিন্টুর পরিবার ও বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পিন্টুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।  পরিবারের পক্ষ থেকে বলা হয়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান ডা. রইস উদ্দিন শনিবার কারাগার থেকে রামেক হাসপাতালের পরিচালকের কাছে বিশেষজ্ঞ চিকিত্সক চেয়ে চিঠি পাঠান। সে অনুযায়ি তিনি শনিবার কারাগারে পিন্টুর চিকিৎসার জন্য গেলেও সিনিয়র জেল সুপার তাকে পিন্টুর চিকিৎসা করতে দেন নি। ফলে তার মৃত্যুর পর তাকে হাসপাতালে নেয়া হয়।
 
 রবিবার রাজধানীর হাজারীবাগের মনেশ্বর রোডে ২৫ নম্বর বাসায় সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন পিন্টুর ভাই নাসিম উদ্দিন আহমেদ রিন্টুসহ পরিবারের অন্য সদস্যরা ।
 
IMG0
 
পিন্টুর মৃত্যুর খবর শোনার পর পরিবারকে সমবেদনা জানাতে তার বাসায় যান বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সহ সভাপতি রাবেয়া সিরাজ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য শামা ওবায়েদ, সাবেক সংসদ সদস্য বিলকিস জাহান প্রমুখ নেতারা।
 
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মতিউর রহমান মন্টু কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিত্সার অবহেলার অভিযোগ এনে বলেন, শনিবার নাসিরুদ্দিন পিন্টুর সঙ্গে তিনি দেখা করেছেন। এ সময় পিন্টু তাকে জানান যে,কারা কর্তৃপক্ষ ঠিকমতো তাকে ওষুধ দিচ্ছে না।
 
নাসির উদ্দিন আহমেদ পিন্টুর আইনজীবী আমিনুল ইসলাম বলেন, আদালত ও হাইকোর্টের নির্দেশ ছিল- নাসির উদ্দিন পিন্টুর চিকিত্সা পিজি (বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল) কিংবা ঢাকার অন্য কোনো হাসপাতালে করানোর জন্য। কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে তাকে কেন রাজশাহীতে পাঠানো হল সে বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম। কিন্তু কারা কর্তৃপক্ষ আমাদের অবগত করতে পারেনি। কোনও কারণ ছাড়াই রাজশাহী কারাগারে পিন্টুকে পাঠানো সন্দেহজনক।
 
পিন্টুর পরিবারের সদস্যরা জানান, কারাগারে পিন্টু নিয়মিত নামাজ আদায়সহ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অধিকাংশ সময় পার করতেন।
 
মাসুদ আহমেদ সাংবাদিকদের বলেন, চিকিত্সার অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর পেছনে কোনো রহস্য থেকে থাকলে সরকারের কাছে তদন্তের দাবি জানাচ্ছি।’
 
এদিকে পিন্টুর লাশ ঢাকায় নিয়ে আসতে রাজশাহীর উদ্দেশে রওনা হয়েছেন তার ভাই। সোমবার হাজারীবাগের বাসার সামনে এবং নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে  জানাযা  হবে। তবে তাকে কোথায় দাফন করা হবে এবিষয়ে জানা যায়নি।