ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ ড্র

আপডেট : ০৪ মে ২০১৫, ১১:০৯
 
তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ ড্র করেছে ওয়েস্ট ইন্ডিজ। রবিবার ড্যারেন ব্র্যাভো আর জারমেইন ব্ল্যাকউডের শত রানের জুটিতে ভর করে ৫ উইকেটের জয় পেয়েছে ক্যারিবিয়ানরা।
 
তিন ম্যাচ সিরিজের প্রথমটি ড্র হয়। এরপর দ্বিতীয় টেস্টে ৯ উইকেটের দারুণ এক জয়ে সিরিজে এগিয়ে যায় ইংলিশরা। তবে সিরিজ জয়ের স্বপ্নপূরণ হয়নি তাদের। শেষ ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফেরালো স্বাগতিক ক্যারিবিয়ানরা।
 
তৃতীয় টেস্টের তৃতীয় দিন ইংল্যান্ড ১২৩ রানে অলআউট হয়ে যাওয়ায় জয়ের জন্য ১৯২ রানের লক্ষ্য ছিল দিনেশ রামদিনের দলের। এই লক্ষ্য তাড়া করতে গিয়ে বিপদে পড়েছিল স্বাগতিকরাও। তবে পঞ্চম উইকেটে ব্র্যাভো (৮২) আর ব্ল্যাকউডের (অপরাজিত ৪৭) ১০৮ রানের জুটিতে জয়ের পথে এগিয়ে যায় তারা।
 
ইংল্যান্ডের জন্য হতাশাতেই শেষ হলো সিরিজটি। প্রথম টেস্ট ড্রয়ের পর গ্রেনাডা টেস্ট জিতে ভালো একটা শেষের অপেক্ষায় ছিল অ্যালেস্টার কুকের দল। প্রথম ইনিংসে ৬৮ রানের লিড পেলেও দ্বিতীয় ইনিংসের ব্যাটিংই তাদের ডুবিয়েছে। দ্বিতীয় ইনিংসে মাত্র তিন জন খেলোয়াড় দুই অঙ্কের রানে পৌঁছেছেন। সর্বোচ্চ ৩৫ রান করে অপরাজিত ছিলেন জস বাটলার।
 

সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন। তিন ম্যাচ থেকে ১৮ গড়ে ১৭টি উইকেট পেয়েছেন তিনি।