গাড়ি পোড়ানোর মামলায় মির্জা আব্বাসের জামিন শুনানি ২৪ মে

আপডেট : ০৪ মে ২০১৫, ১৯:৫৫
 
গাড়ি পোড়ানোর দুটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন আবেদনের ওপর আগামী ২৪ মে শুনানির জন্য দিন ধার্য করেছে হাইকোর্ট।
 
আইনজীবীদের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক বেঞ্চ গতকাল সোমবার এই দিন ধার্য করে দেন। এদিকে দুদকের মামলায় মির্জা আব্বাসের জামিন আবেদন শুনানির জন্য বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চের কার্যতালিকায় রয়েছে।
 
গত ১৫ এপ্রিল হরতাল-অবরোধে গাড়ি পোড়ানোর দুটি মামলায় মির্জা আব্বাসের জামিন প্রশ্নে বিভক্ত রায় দেয় হাইকোর্ট। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী দুটি মামলায় তাকে তিন সপ্তাহের জামিন মঞ্জুর করেন।
 
অপরদিকে কনিষ্ঠ বিচারক বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর জামিন আবেদন খারিজ করে দিয়ে তাকে দ্রুত নিন্ম আদালতে আত্নসমর্পণের নির্দেশ দেন। এরপর প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য হাইকোর্টের তৃতীয় বেঞ্চে পাঠান।
 
 বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক বেঞ্চে গতকাল মামলাটি দুটি শুনানির জন্য আসে। কিন্তু সকালে আব্বাসের আইনজীবী জয়নুল আবেদিন ও নিতাই রায় চৌধুরী সময় চেয়ে বলেন, ২০ মে বার কাউন্সিল নির্বাচন। সিনিয়র আইনজীবীরা নির্বাচন নিয়ে ব্যস্ত রয়েছেন। এজন্য সময় প্রয়োজন। এরপর আদালত সময় মঞ্জুর করে। এ সময় রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ উপস্থিত ছিলেন।