‘অনন্তর সব ছবিতেই কিছু না কিছু চমক থাকে’

আপডেট : ০৪ মে ২০১৫, ১৪:০১
 
এরই ভেতরে নতুন ছবি ‘দ্য স্পাই’-এর স্ক্রিপ্টের কাজ হয়ে গেছে। আর ছবিতে চমক হিসেবে থাকছে দুজন নতুন মুখ। অনন্ত-বর্ষার পুত্র সন্তান আরিজের জন্যই খানিক বিলম্ব হয় ছবির কাজ শুরু হতে। তবে এখন বর্ষা পুরোপুরি প্রস্তুত তার নতুন ছবির কাজের ব্যাপারে। সাধারণত মুনসুন ফিল্মসের ছবিগুলো দেশের বাইরে বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়। এবারের ‘স্পাই’ ছবিতেও এর ব্যতিক্রম হবে না। কারণ দেশের বিভিন্ন সংকট ও অসঙ্গতি নিয়ে তৈরি এই ছবিটির মূল গল্পেও থাকছে নিখাদ দেশপ্রেম। ছবি প্রসঙ্গে চিত্রনায়িকা বর্ষা বলেন, ‘অনন্তর সব ছবিতেই কিছু না কিছু চমক থাকে। এবারেও থাকবে। তবে এবারে যেহেতু অনন্ত নিজেই একটি গান গাইবেন তাই তা নিয়ে দর্শকদের বাড়তি কৌতূহল তো থাকবেই।’
 
এছাড়া আরও একটি সুখবর হলো একবার দু’বার নয় ৬ষ্ঠবারের মতো সিআইপি নির্বাচিত হলেন অনন্ত। স্ত্রী হিসেবে এই আনন্দের খবরটি প্রসঙ্গে তিনি বলেন, ‘একজন সম্মানিত ব্যবসায়ী হিসেবে চলচ্চিত্রের প্রতি ওর প্রেম ও নিষ্ঠা আমাকে অবাক করে। এটা আসলেই বিরল। কারণ আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য সবসময়ই সে ভাবে। এছাড়া এ বছরের সিআইপি নির্বাচিত হওয়ার খবরে আমরা একেবারেই ঘরোয়াভাবে সেলিব্রেট করেছি। কারণ বড় ধরনের আনুষ্ঠানিকতার কথা থাকলেও অনন্ত নেপালবাসীদের জন্য সাহায্য করার উদ্যোগেই সব আয়োজন বাতিল করে দেয়।’