নেপালে ১০ হাজার টন চাল ও পানি পাঠানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট : ০৪ মে ২০১৫, ১৭:৫৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লোকদের জন্য ১০ হাজার টন চাল ও পর্যাপ্ত পরিমাণ পানি পাঠাতে সোমবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
 
প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী জানান, প্রধানমন্ত্রী জরুরি ভিত্তিতে নেপালে চাল ও পানি পাঠাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
 
তিনি বলেন, বিমান ও সড়ক পথে পর্যায়ক্রমে চাল ও পানি পাঠানো হবে।
 
গত ২৫ এপ্রিল ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে এ পর্যন্ত সাত হাজার ২৫০ জন নিহত এবং ১৪ হাজার ১২২ জন আহত হয়েছেন।
 
এ ছাড়া ভূমিকম্পে কয়েক হাজার বাড়িঘর ও স্থাপনা ধ্বংস হয়েছে।