মাগুরা উপ-নির্বাচন : ৩ জনের মনোনয়নপত্র বাতিল

আপডেট : ০৪ মে ২০১৫, ১৮:২০




মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে সোমবার মনোনয়নপত্র বাছাইয়ে ৩ স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন- এটিএম মহব্বত আলী, এডভোকেট মাহবুবুল আকবর কল্লোল ও মুহাম্মদ নাঈম হাসান।

মনোনয়নপত্রের সাথে নির্বাচনী এলাকার মোট ভোটারের ১ ভাগ স্বাক্ষর না থাকায় তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে বলে জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানির্ং অফিসার আহম্মদ আলী জানান।

তফসিল অনুযায়ী আগামী ১২ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৩০ মে এই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে ।

বাছাইয়ে মনোনয়নপত্র বৈধ হয়েছে ৫জনের। এরা হলেন- আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) এ টি এম আব্দুল ওয়াহহাব, জাতীয় পার্টির হাসান সিরাজ সুজা, বিএনএফ’র কেএম মোতাসিম বিল্লাহ, ন্যাশনাল পিপলস পার্টির কাজী তৌহিদুল আলম ও স্বতন্ত্র প্রার্থী মাগুরা পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র তপন কুমার রায়।

গত ৯ মার্চ মাগুরা-১ আসন থেকে পরপর ৪ বার নির্বাচিত সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডা. মোহাম্মদ সিরাজুল আকবর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে এ আসনটি শূন্য হয়।

মাগুরা সদরের ৯ টি ও শ্রীপুর উপজেলার ৮ টি ইউনিয়ন নিয়ে জাতীয় সংসদে-৯১ (মাগুরা-১) আসন গঠিত। এখানকার মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৫৫জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৬০ হাজার ৭২৩জন ও মহিলা ভোটার ১ লাখ ৬৩ হাজার ৩৩২জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৪০টি। খবর বানন।