ডিএসইর সূচক চার হাজারের নিচে

আপডেট : ০৪ মে ২০১৫, ২১:৪৫
পুঁজিবাজারে দরপতন চলছেই। সোমবার উভয় বাজারের বড় দরপতন হয়েছে। এতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্যসূচক চার হাজার পয়েন্টের নিচে নেমে এসেছে।
 
বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজারে অনেক কোম্পানি লভ্যাংশ ঘোষণা করছে। কিছু কোম্পানির আয়ের সংবাদ বের হচ্ছে। এরমধ্যেও শেয়ারের দাম কমে যাচ্ছে। এটা হতাশাজনক।
 
তবে তারা মনে করেন রাজনৈতিক স্থিতিশীলতার অভাবেই বাজারে নেতিবাচক প্রভাব পড়ছে। এছাড়া সূচক কমার পিছনে বাজারে কিছু নেতিবাচক গুজব রয়েছে বলেও তারা জানান।
 
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৮৭ পয়েন্ট কমে তিন হাজার ৯৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্যসূচক ৩৯ পয়েন্ট কমে এক হাজার ৫০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৩০ কোটি ৪৪ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১৪ কোটি ২৬ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩০৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫২টির, কমেছে ২২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।
 
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ২১৭ পয়েন্ট কমে ১২ হাজার ২০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২৫ কোটি ৫ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ১৭ কোটি টাকা কম। লেনদেনকৃত ২২০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৪টির, কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।