অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাতক্ষীরা-২ আসনের সাবেক সংসদ সদস্য এম এ জব্বার ও তার ছেলে মাহবুব হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত আলাদা দু’টি মামলার চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার কমিশনের বৈঠকে এ মামলা দু’টির চার্জশিট দাখিলের অনুমোদন দেয়া হয়। কমিশন সূত্র জানিয়েছে মামলার বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য শিগগিরই এ দু’টি চার্জশিট আদালতে দাখিল করা হবে।
দুদক সূত্র জানায়, ২০১৪ সালের ১৩ অক্টোবর রাজধানীর রমনা মডেল থানায় মামলা (মামলা নং-২০, ২১) দু’টি দায়ের করা হয়েছিল।
সাবেক সংসদ সদস্য এম এ জব্বার ১ কোটি ৭৩ লাখ ৩৪ হাজার ৪৯০ টাকা ও তার ছেলে মাহবুব হোসেন ১৯ লাখ টাকা অবৈধভাবে অর্জন করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। দুদকের সহকারী পরিচালক মো. মাসুদুর রহমান এ মামলার অনুসন্ধান ও তদন্ত করেছেন।
