কৃষিঋণ বিতরণ কমেছে আড়াই শতাংশ

আপডেট : ০৪ মে ২০১৫, ২০:০৯
কৃষি খাতে ঋণ বাড়ানোর জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাগিদ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের সঙ্গে আলাদাকরে প্রতিমাসে বৈঠক হচ্ছে। কিন্তু তাতেও বাড়ছেনা এ খাতের ঋণ বিতরণের পরিমাণ। বরং প্রতিমাসেই তা কমছে।
 
চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) কমেছে এ খাতে বিতরণের পরিমাণ। হিসাবে দেখা গেছে,  এসময়ে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় আড়াই শতাংশ কম ঋণ বিতরণ হয়েছে।
 
বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোর তুলনায় রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত খাতের ব্যাংকগুলো ঋণ বিতরণে পিছিয়ে রয়েছে। অন্যদিকে এসময়ে আদায়ও কম হয়েছে।
 
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের মহাব্যবস্থাপক প্রভাষ চন্দ্র মল্লিক বলেন, চলমান হরতাল-অবরোধের কৃষকরা তাদের উত্পাদিত পণ্য বাজারজাত করতে পারছেন না। ফলে পরিশোধ করতে পারছেন না। আর তা না পারায় নতুন করে ঋণ নেয়ার চাহিদাও কমে গেছে।
 
তিনি বলেন, অবশ্য এসব সমস্যার কথা মাথায় রেখে বাংলাদেশ ব্যাংক তাদের জন্য কিছু সুবিধা দিচ্ছে। এসব  সুবিধা যেন কৃষক পর্যায়ে পায় সে বিষয়ে নজরদারিও করছে  কেন্দ্রীয় ব্যাংক।
 
জানা গেছে, অন্য খাতের তুলনায় কৃষি ঋণ সুদহার কম হওয়ায় ব্যাংকগুলো অনাগ্রহ দেখাচ্ছে। মূলত ঋণ নিতে গিয়ে বিভিন্ন ধরনের হয়রানি এবং মামলার ভয়ে কৃষকরা ব্যাংকবিমুখ হয়ে পড়ছেন বলে আশংকা করছেন সংশ্লিষ্টরা। কৃষিঋণ বিতরণ বাড়াতে সম্প্রতি কৃষিখাতে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণে বর্তমানে নির্ধারিত হারের তুলনায় ২ শতাংশ সুদ কমিয়েছে বাংলাদেশ ব্যাংক।
 
গত পহেলা জানুয়ারি থেকে কৃষকরা সর্বোচ্চ ১১ শতাংশ সুদে কৃষিঋণ নিতে পারছেন। আগে যেখানে সুদ গুনতে হতো ১৩ শতাংশ।
 
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত ব্যাংকগুলো কৃষি খাতে  ১১ হাজার ১৬৬ কোটি ১৯ লাখ টাকার ঋণ বিতরণ করেছে।
 
আগের বছরের একই সময়ে বিতরণ করা ঋণের পরিমাণ ছিলো ১১ হাজার ৪৪৫ কোটি ৭৯ লাখ টাকা। এ হিসেবে নয় মাসে ঋণ বিতরণ কমেছে ২৭৯ কোটি ৬০ লাখ টাকা বা দুই দশমিক ৪৪ শতাংশ।
 
মার্চ পর্যন্ত বিতরণ হওয়া ঋণ চলতি অর্থবছরের মোট লক্ষ্যমাত্রার ৭১ দশমিক ৮১ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ে লক্ষমাত্রার তুলনায় বিতরণের হার ছিলো ৭৮ দশমিক ৪২ শতাংশ। মূলত সরকারি ব্যাংকগুলোর ঋণ বিতরণ কমার ফলে সামগ্রিক পরিস্থিতির অবনতি হয়েছে।
 
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত নয় মাসে কৃষি খাতে ঋণ আদায় হয়েছে ১০ হাজার ৯৮৭ কোটি ২৯ লাখ টাকা।
 
এর মধ্যে গত মার্চে ঋণ আদায় হয়েছে এক হাজার ২২৬ কোটি ১৩ লাখ টাকা। গত ফেব্রুয়ারী মাসে আদায় হয়েছে এক হাজার ২৫১ কোটি ৯৮ লাখ টাকা।
 
গত বছরের মার্চে আদায় হয়েছিল এক হাজার ১৬৭ কোটি ৪৪ লাখ টাকা। গত বছরের মার্চের তুলনায় আদায় বাড়লেও গত ফেব্রুয়ারির কমেছে।