কখনো বন্দুকযুদ্ধের নামে, কখনো দুর্বৃত্তদের হাতে রাজনৈতিক নেতা-কর্মীদের আহত-নিহত হওয়ার ঘটনা গণতান্ত্রিক ব্যবস্থা বিকশিত হওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। এতে করে মানুষের মধ্যে আইনের শাসন নিয়ে হতাশা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বলে এক বিবৃতিতে উদ্বেগ জানিয়েছে বিএনপি।
সোমবার দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আইন প্রয়োগকারী সংস্থার হাতে মানবাধিকার লঙ্ঘনের সব ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়েছে। এসব ঘটনা নিয়ে নিরাপত্তাবাহিনীর বক্তব্য বিশ্বাসযোগ্য না হওয়ায় বিচার বিভাগীয় তদন্তের প্রশ্ন এসেছে।
অনতিবিলম্বে আইনের বহির্ভুত হত্যাকাণ্ডরোধে নাগরিকদের জান-মালের নিরাপত্তা বিধানে সরকারকে দৃশ্যমান প্রতিকার নেয়ার আহ্বান জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে।
বিবৃতিতে অভিযোগ করে বলা হয়, বগুড়া শহর যুবদলের সভাপতি ও পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুদ রানাকে গত শনিবার দিবাগত রাতে পুলিশ পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলির পর ‘বন্দুযুদ্ধের’ নাটক সাজিয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, জয়পুরহাট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আফজাল হোসেন দুর্বৃত্তদের হাতে খুন হওয়ার ঘটনা রাজনৈতিক অঙ্গনের সুস্থতা ফিরে আসার লক্ষণ নয়।
