ভারতীয় তদন্ত সংস্থা দল ফের ঢাকায়

এনআইএ জঙ্গি দমনে সহযোগিতার ভিত্তিতে কাজ করবে

আপডেট : ০৪ মে ২০১৫, ২১:৫২
বর্ধমানকাণ্ডের প্রেক্ষাপটে জঙ্গি দমনে পারস্পরিক সহায়তার ভিত্তিতে কাজ শুরুর পর ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ’র একটি প্রতিনিধি দল আবার বাংলাদেশে এসেছে। আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা ঢাকায় লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের দায়িত্ব স্বীকারের দুই দিনের মধ্যে এনআইয়ের তিন সদস্যের প্রতিনিধি দলটি গত রবিবার ঢাকায় এল।
 
গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম গতকাল দুপুরে সাংবাদিকদের বলেন, এনআইএ’র মহাপরিদর্শক সঞ্জীব কুমার সিংয়ের নেতৃত্বে আসা প্রতিনিধি দলটি চার দিনের সফরে এসেছে। দুই দেশের অভ্যন্তরীণ জঙ্গি পরিস্থিতি নিয়ে এনআইএ প্রতিনিধিরা কথা বলবেন বলেও জানান তিনি।
 
মনিরুল ইসলাম বলেন, ‘কেবল বর্ধমান বিস্ফোরনের ঘটনা তদন্তে নয়, সন্ত্রাস দমনে দুই দেশের মধ্যে যে সহযোগিতার সম্পর্ক গড়ে উঠেছে, তা আরো এগিয়ে নিতে তারা বাংলাদেশ এসেছে।’ গত বছরের ২ অক্টোবর পশ্চিমবঙ্গের বর্ধমানের খাগড়াগড়ের একটি বাড়িতে বোমা বিস্ফোরণের পর তাতে বাংলাদেশি জঙ্গিদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এরপর ভারতের পক্ষ থেকে বাংলাদেশে ওই ঘটনার তদন্ত চালানোর অনুরোধ এলে ঢাকার পক্ষ থেকে তাতে সায় দেয়া হয়। জঙ্গি দমনে দুই দেশের গোয়েন্দারা পারস্পরিক তথ্য বিনিময় ও সহযোগিতায় রাজি হয়। বর্ধমানে বিস্ফোরণের মামলার অভিযোগপত্র এনআইএ ইতোমধ্যে দিয়েছে। তাতে আসামিদের মধ্যে কয়েকজন বাংলাদেশিও রয়েছেন। তাদের কেউ কেউ এখনও গ্রেফতার হননি। কিভাবে তাদের গ্রেফতার করা যায়, তা নিয়ে এনআইএ বাংলাদেশের গোয়েন্দাদের সঙ্গেও মতবিনিময় করবেন। বর্ধমানকাণ্ডের পর এনআইএ প্রধান শারদ কুমারের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশে এসেছিল। পরে বাংলাদেশের গোয়েন্দারাও ভারত সফরে যান।