খুলনায় বীরত্বপূর্ণ ড্রয়ের পর, আগামী বুধবার শুরু হতে যাওয়া মিরপুর টেস্টে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। জাতীয় দলের সাবেক ক্রিকেটাররাও পাকিস্তানের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের শেষটিতে জয়ের স্বপ্নে বিভোর। খুলনা টেস্টের ধারাবাহিকতা ঢাকায় অব্যাহত রাখতে পারলে পাকিস্তানকে হারানো সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়করা।
সাবেক অধিনায়ক রকিবুল হাসানের মতে, বাংলাদেশ যে ধীরে ধীরে পরাশক্তিতে পরিণত হচ্ছে-খুলনা টেস্টে তারই প্রমান দিল টাইগাররা। আরেক সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা বললেন, বাংলাদেশের খেলোয়াড়রা এখন এতটা ফর্মে রয়েছে, আমার মনে হয় না পাকিস্তান তাদের হারাতে পারবে। অপরদিকে হাবিবুল বাশার সুমনের মতে, ঢাকা টেস্টে বাংলাদেশ দল জয়ের জন্যই খেলবে।
জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে নির্বাচক হাবিবুল বাশার বলেন, আমরা তো অনেক টেস্ট ম্যাচ খেললাম। আমার মনে হয় খুলনা টেস্ট ওয়ান অফ দ্য বেস্ট টেস্ট ছিলো। দ্বিতীয় ইনিংসে যে অবস্থা থেকে বাংলাদেশ কামব্যাক করেছে সেটা আসলেই অসাধারণ। পাকিস্তানের বোলিং আক্রমণ কিন্তু বিশ্বের টেস্ট দলগুলোর মধ্যে অন্যতম। আসলে বিশ্বকাপ থেকে আমাদের দল খুব ভালো খেলছে। সব কিছুই এখন ভালো যাচ্ছে। খুলনা টেস্টে বাংলাদেশ যেভাবে খেলেছে। আমার আশা ঢাকা টেস্টে বাংলাদেশ দল এর চেয়ে ভালো খেলবে।
