স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নে ভারতের কোনো প্রস্তাবনা থাকলে বাংলাদেশ তা বিবেচনা করতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, গণমাধ্যমের খবরে স্থল সীমান্ত চুক্তির বিষয়ে যেসব কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণ ভারতের অভ্যন্তরীণ বিষয়। এক্ষেত্রে বাংলাদেশের কোনো মতামত নেই। আসাম রাজ্যকে আপাতত বাদ রেখে চুক্তি বাস্তবায়নে ভারতের পক্ষ থেকে কোন প্রস্তাবনা আসলে তা আমরা বিবেচনা করে দেখতে পারি।
অন্যদিকে, সম্প্রতি অনুষ্ঠিত তিন সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে আন্তর্জাতিক মহল থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রশ্ন ওঠেনি বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, নির্বাচন ভাল হয়েছে। অনিয়মের যে অভিযোগ উঠেছে তা একেবারেই নগণ্য। এ বিষয়ে কূটনীতিকদের পক্ষ থেকে কোন প্রশ্ন আসলে সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা দেয়া হবে।
