নারী ও শিশু নির্যাতন আইনের কয়েকটি উপধারা অসাংবিধানিক ঘোষণা করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ সংক্রান্ত বেল কয়েকটি জেল আপিলের শুনানি শেষে মঙ্গলবার এই রায় দেন।
রায়ে আইনের ৬ নং ধারা ২, ৩ ও ৪ উপধারাকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হয়। কারণ আইনের এই উপধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি ধর্ষণ করে শিশু ও নারীর মৃত্যু ঘটান তাহলে তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন। আদালত বলছে, এই ধারায় মৃত্যুদণ্ডের বিকল্প কোনো সাজা না থাকায় তা সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।
বেসরকারি সংস্থ্যা বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ঐ আইনের ৬ নং ধারার ব্যাখ্যা চেয়ে একটি আবেদন দায়ের করে। পাশাপাশি বেশ কিছু জেল আপিল এই মামলার সঙ্গে অর্ন্তভূক্ত হয়। দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ এই রায় দিয়েছে বলে জানিয়েছেন আইনজীবী এডভোকেট হেলাল উদ্দিন মোল্লা।
