জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মিজানুর রহমান এই আদেশ দেন।
তারা হলেন- তসলিম ওরফে টিপলু(৩২) ও তার ভাই ফরহাদ হোসেন ওরফে টুটুল (২৮), সাফিন (২৪) এবং হায়দার (৩০)। এর মধ্যে সাফিন ও তসলিম পলাতক রয়েছেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলা থেকে পাঁচজনকে খালাস দিয়েছে আদালত। তারা হলেন- জাহাঙ্গীর, আরমান, রেজাউল, জহুরুল ও শাহিনুর।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০০৫ সালের ৩০ নভেম্বর সন্ধ্যায় সদর উপজেলার তেঘরবিশা গ্রামের চার মাথা নামক স্থানে নিজের চায়ের দোকানে খুন হন জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা সিরাজুল ইসলাম (৩৬)। এ ঘটনায় পিতা মজিবর রহমান বাদী হয়ে ১৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। পরবর্তীতে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন ও মারপিটের ঘটনায় এক আসামি মারা যান। এই মামলায় আদালত ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ এই রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বর্তমান পিপি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল ও সাবেক পিপি আব্দুর রহমান এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আবু ইউসুফ মো: খলিলুর রহমান, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ও অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু।
আদালতে উপস্থিত থাকা মামলার বাদী ও নিহত সিরাজুলের পিতা মজিবর রহমান রায়ে সন্তুষ্ট বলে জানান।
