খুলনায় বীরত্বপূর্ণ ড্রয়ের পর, আগামীকাল বুধবার শুরু হতে যাওয়া মিরপুর টেস্টে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। জাতীয় দলের সাবেক ক্রিকেটাররাও পাকিস্তানের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের শেষটিতে জয়ের স্বপ্নে বিভোর। খুলনা টেস্টের ধারাবাহিকতা ঢাকায় অব্যাহত রাখতে পারলে পাকিস্তানকে হারানো সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়করা।
সাবেক অধিনায়ক রকিবুল হাসানের মতে, বাংলাদেশ যে ধীরে ধীরে পরাশক্তিতে পরিণত হচ্ছে-খুলনা টেস্টে তারই প্রমাণ দিল টাইগাররা। আরেক সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা বললেন, বাংলাদেশের খেলোয়াড়রা এখন এতটা ফর্মে রয়েছে, আমার মনে হয় না পাকিস্তান তাদের হারাতে পারবে। অপরদিকে হাবিবুল বাশার সুমনের মতে, ঢাকা টেস্টে বাংলাদেশ দল জয়ের জন্যই খেলবে।
বর্তমানে ক্রিকেট বিশ্লেষক রকিবুল হাসান বলেন, ‘বাংলাদেশ যে ধীরে ধীরে পরাশক্তিতে পরিণত হচ্ছে-খুলনা টেস্টে এমনই প্রমাণ দিল তারা। বিশ্বকাপ থেকেই বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে। আর আগামী কয়েক বছরের মধ্যে বিশ্বের যে কোন শক্তিধর ক্রিকেট দল টাইগারদের সমীহ করবে। খুলনা টেস্টে তামিম ইকবাল ও ইমরুল কায়েসের ব্যাটিং দেখে আমি মুগ্ধ। তারা অসাধারণ ব্যাটিং করেছে। তাদের কারণেই আমরা হারের শংকা থেকে সাফল্যের সাথে ড্র করতে পেরেছি। আমার বিশ্বাস বাংলাদেশ দল ঢাকা টেস্টে আরো ভালো ক্রিকেট খেলবে। মিরপুরে তারা জয়ের জন্যই নামবে।’
জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘আমরা তো অনেক টেস্ট ম্যাচ খেললাম। আমার মনে হয় খুলনা টেস্ট ওয়ান অফ দ্য বেস্ট টেস্ট ছিলো। দ্বিতীয় ইনিংসে যে অবস্থা থেকে বাংলাদেশ কামব্যাক করেছে সেটা আসলেই অসাধারণ। পাকিস্তানের বোলিং আক্রমণ কিন্তু বিশ্বের টেস্ট দলগুলোর মধ্যে অন্যতম। আসলে বিশ্বকাপ থেকে আমাদের দল খুব ভালো খেলছে। সব কিছুই এখন ভালো যাচ্ছে। খুলনা টেস্টে বাংলাদেশ যেভাবে খেলেছে। আমার আশা ঢাকা টেস্টে বাংলাদেশ দল এর চেয়ে ভালো খেলবে। তৃতীয় ইনিংসে তামিম ইকবাল ও ইমরুল কায়েসের করা ৩১২ রানের জুটি বিশ্ব রেকর্ড। আমাদের ওপেনাররা অসাধারণ খেলেছে। পাকিস্তানের বোলিং আক্রমণ খুব ভালো। ওদের ফাস্ট বোলাররা বিশ্বমানের। সেরা বোলারদের বিপক্ষে বাংলাদেশ দলের এমন পারফরম্যান্স সত্যিকার অর্থেই গৌরবময়।’
শফিকুল হক হীরা বলেন, ‘ক্রিকেটারদের হতাশাজনক পারফরম্যান্সে পাকিস্তানে কিছুটা হলেও সমালোচনার ঝড় উঠেছে। ওয়ানডে এবং টি-টোয়েন্টি হারের পর ওরা চেয়েছিলো টেস্টে জিতে কিছুটা হলেও সম্মান নিয়ে দেশে ফিরবে। সেটা যখন প্রথম টেস্টে হয়নি। এখন তারা ঢাকা টেস্টে ভালো করার জন্য মুখিয়ে আছে। কিন্তু আমার মনে হয় না তারা সেটা করতে পারবে। কারণ আমাদের ব্যাটসম্যানরা এখন এতটা ফর্মে, আমার মনে হয় না পাকিস্তান আমাদের হারাতে পারে। আমরা যদি খুব বেশি বাজে না খেলি, তা হলে পাকিস্তানের পক্ষে আমাদের দুইবার আউট করা সম্ভব না। ঢাকা টেস্টে আমরা ড্র’র জন্য খেলবো না। আমরা জেতার জন্যই খেলবো। আমাদের বোলারদেরকে ব্রেক থ্রু এনে দিতে হবে। শুরুতে ব্রেক থু্র এনে দিতে পারলে জয়ের একটা সম্ভাবনা দাঁড়াবে। শুধু মাত্র স্পিন দিয়ে পাকিস্তানকে আমরা ঘায়েল করতে পারবো না। কারণ ওদের ব্যাটিং লাইনআপও কিন্তু খারাপ নয়।’