হিট অ্যান্ড রান: সালমানের মামলার রায় বুধবার

আপডেট : ০৫ মে ২০১৫, ১৪:০৫
 
হিট অ্যান্ড রান মামলায় বলিউড তারকা সালমান খানের রায় বুধবার ঘোষণা করা হবে। মুম্বাইয়ের সেশন কোর্টের বিচারক ডি. ডব্লিউ দেশপান্ডে এই রায় ঘোষণা করবেন।
 
২০০২ সালের ২৮ সেপ্টেম্বর ৪৯ বছর বয়সী এই অভিনেতার গাড়ির নিচে চাপা পড়ে একজন নিহত ও চারজন আহত হয়েছিলেন। প্রসিকিউশন দাবি করেছেন, সালমান রেইন বার  ও  জুজুর একটি রেস্টুরেন্টে মদপান করেছিলেন। এরপর মদ্যপ অবস্থায় গাড়ি চাল নোর সময় তিনি নিয়ন্ত্রণ হারান। এতে ফুটপাথে ঘুমিয়ে থাকা এক ব্যক্তি নিহত ও চারজন আহত হন।
 
পাবলিক প্রসিকিউটর প্রদীপ ঘারাট বলেছেন, সালমানের  বিরুদ্ধে দৃঢ় প্রমাণ রয়েছে। প্রথমে এই মামলা ম্যাজিস্টেট আদালতে যায়। সেখানে আমার ১৭ জন সাক্ষীকে হাজির করি। সেশন আদালতে যাওয়ার পর সেখানে আমার ২৭ জন সাক্ষীকে হাজির করি।
 
প্রসিকিউশন আরো অভিযোগ করেছেন, এই ঘটনার পর সালমান সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন এবং তিনি পুলিশকে তা জানাননি।
 
কিন্তু বলিউড অভিনেতা আদালতে বলেছেন, তিনি সেখানে ১৫ মিনিট অপেক্ষা করেছিলেন। তিনি ঐ দিন মদ্যপান করেননি এবং দুর্ঘটনার সময় তার গাড়িচালক অশোক সিং চালকের আসনে বসে ছিলেন।
 
আসামিপক্ষের একমাত্র সাক্ষী অশোক সিং আদালতে বলেছেন, দুর্ঘটনার সময় তিনি চালকের আসনে ছিলেন। টায়ার ফেটে যাওয়ায় ও ব্রেক কাজ না করায় এই দুর্ঘটনা ঘটে।
 
সালমানের সাজা হবে নাকি তিনি বেকসুর খালাস পাবেন না জানা যাবে কাল।  তার সাজা হলে প্রভাব পরবে বলিউড জগতে। বক্স অফিসে রাজত্ব করাদের মধ্যে সালমান অন্যতম। তার হাতে এখন সাতটি ছবি রয়েছে। এর মধ্যে দুইটি ছবির কাজ চলছে- কবির খানের  পরিচালনায় ‘বাজরাঙ্গি ভাইজান’ ও সুরাজ ভারজাটিয়ার ‘প্রেম রতন ধান পাও’।
 
বাণিজ্য বিশ্লেষক কমল নেহতা বলেছেন,  আমরা যদি প্রত্যেক ছবির জন্য ৭৫ কোটি  রুপি ধরি তবে দুই ছবির জন্য মোট ১৫০ কোটি রুপি এবং যেসব প্রজেক্টে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন তার জন্য ৫০ কোটি রুপি ধরলে মোট ২০০ কোটি রুপির বিনিয়োগ রয়েছে। তাই এই বিষয়ে একটি চিন্তা থেকেই যায়। তবে এই মামলায় সালমানের আপিলের সুযোগ হয়েছে।
 
এছাড়া ১০টি ব্রান্ডের পৃষ্ঠপোষকতা করা সালমানের ওপর আরো ৩০ কোটি রুপি বিনিয়োগ রয়েছে।
 
শুধু ২০১৪ সালেই সালমানের ছবি ৩৩৮ কোটি রূপি আয় করেছে। তাই  সালমানের সাজা হলে তা বলিউডের জন্যও অশুভ বার্তা বয়ে নিয়ে আসবে।