‘ইংরেজি মাধ্যম স্কুলে মূসক কমানোর প্রস্তাব বিবেচনা করা হবে’

আপডেট : ০৫ মে ২০১৫, ১৭:২৫
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেছেন, আগামী ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে বিদ্যমান মূল্য সংযোজন কর (মূসক) কমানোর বিষয়টি বিবেচনা করা হবে। 
 
মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলনকক্ষে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট প্রণয়ন নিয়ে অর্থনৈতিক সংবাদদাতাদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সদস্যদের সাথে এক প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।
 
তিনি বলেন, এখন ইংরেজি মাধ্যমে কেবলমাত্র উচ্চ আয়ের মানুষের সন্তানরা পড়ছে না, এখানে মধ্যবিত্ত ও সাধারণ ঘরের সন্তানরাও পড়ছে। এজন্য বিভিন্ন পর্যায় থেকে এসব প্রতিষ্ঠানের মূসক কমানোর যে প্রস্তাব আসছে, তা বিবেচনার জন্য অর্থমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে।
 
এনবিআর চেয়ারম্যনের সভাপতিতে আয়োজিত অনুষ্ঠানে সংস্থার সদস্য মো. ফরিদ উদ্দিন, মো. এনায়েত হোসেন ও পারভেজ ইকবাল, ইআরএফ সভাপতি সুলতান মাহমুদ বাদল ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।