ভোট কেন্দ্রে সাংবাদিক নির্যাতন তদন্তে ইসির ২ কমিটি

আপডেট : ০৫ মে ২০১৫, ২১:৪১
 
 
 
 
 
ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটির ভোট গ্রহণের দিন সাংবাদিক নির্যাতনের ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঢাকা উত্তর ও দক্ষিণের জন্য একটি এবং চট্টগ্রামের ঘটনা তদন্তের জন্য আরেকটি পৃথক কমিটি করা হয়েছে।
 
মঙ্গলবার ইসি গঠিত ওই কমিটিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ঘটনা তদন্তের জন্য আহ্বায়ক করা হয়েছে ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে (সার্বিক)। এ ছাড়া, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনারকে সদস্য এবং ইসি কার্যালয়ের একজন উপসচিবকে সদস্য সচিব করা হয়েছে।
 
চট্টগ্রাম সিটির ঘটনা তদন্তে আহ্বায়ক করা হয়েছে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে (সার্বিক)। সদস্য করা হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার এবং সদস্য সচিব করা হয়েছে কমিশন সচিবালয়ের একজন উপসচিবকে।
 
তদন্ত কমিটি গঠন সম্পর্কিত কমিশন সচিবালয়ের নথিতে বলা হয়েছে—ভোটগ্রহণের দিন ঢাকা ও চট্টগ্রামের কোনো কোনো ভোটকেন্দ্রে অনুমোদিত সাংবাদিকদের ঢুকতে না দেয়া এবং কয়েকজন সাংবাদিককে নাজেহাল করার প্রতিবেদন বিভিন্ন দৈনিক ও টেলিভিশনে প্রচার হয়। প্রধান নির্বাচন কমিশনার বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।
 
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে—কমিটি প্রকৃত ঘটনা উদঘাটন, কতগুলো কেন্দ্রে এ ধরনের ঘটনা ঘটেছিল, ঘটনার প্রকৃত কারণ ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে সুপারিশ করবে।
 
উল্লেখ্য, ভোটগ্রহণের দিন পেশাগত দায়িত্ব পালন গিয়ে অন্তত আটজন সাংবাদিক আহত হন এবং ১৫ জনকে তাদের দায়িত্ব পালনে বাধা দেয়া হয়।