পাকিস্তান অধিনায়ক মিসবাহ উল হক বাংলাদেশকে সমীহ করে কথা বললেও বুধবার শুরু হতে যাওয়া মিরপুর টেস্টে কেউ সুস্পষ্ট ফেভারিট নয় বলেই মনে করেন। তার মতে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের পিচ খুলনার তুলনায় বেশি বাউন্স ও টার্ন হবে।
চলতি সফরে পাকিস্তান দল প্রস্তুতি ম্যাচ থেকে শুরু করে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, একমাত্র টি-টোয়েন্টিতে বাজে ভাবে হেরেছে। এরপর খুলনা টেস্টে কিছুটা দৃঢ়তা দেখালেও তামিম ইকবাল ও ইমরুল কায়েসের বিশ্বরেকর্ড গড়া ওপেনিং জুটির সুবাদে আবারো নাকাল হয়।
এরপরও মিসবাহ উল হক বলেন,‘আমি মনে করি না কোন দলই ফেবারিট। এ মুহূর্তে দুদলের অবস্থানই সমান। যে দল পাঁচ দিন ধরে শ্রেয়তর ক্রিকেট খেলবে, তাদের ম্যাচটি জয়ের সম্ভাবনা থাকবে।’
উইকেট প্রসঙ্গে পাকিস্তান অধিনায়কের মত হলো খুলনার পিচ ছিল ব্যাটসম্যানদের জন্য স্বর্গ। এখন মিরপুরের পিচে মিসবাহ চাইছেন তার বোলাররা আরো বেশি কিছু করে দেখাক। এ প্রসঙ্গে তিনি বলেন,‘আমি মনে করি ঢাকা পিচে আরো বেশি বাউন্স ও টার্ন হবে। তাই আমি ধারণা করি আমাদের বোলাররা এ পিচ থেকে ভাল কিছু বের করে এনে ইতিবাচক ফল বের করতে পারবে।’
মিসবাহ এ জন্য তার বোলারদের দ্বিতীয় টেস্টে ভাল নৈপুণ্য দেখাতে বলেছেন। তিনি তাদের স্মরণ করিয়ে দেন কিভাবে প্রায় ৩০০ রানের অগ্রগামিতার পরও বাংলাদেশ ওপেনারদের ৩১২ রানের রেকর্ড জুটিতে খুলনা টেস্টের চতুর্থ ও পঞ্চম দিনে খেলাটিতে কর্তৃত্ব করে।
সঙ্গত কারণেই তামিমই হলেন পাকিস্তান অধিনায়কের চোখে প্রধান বাধা। তাই তিনি তামিমকে আটকাতে আবারো পরিকল্পনা নেয়ার কথা জানান। তিনি বলেন,‘তামিম দুর্দান্ত ফর্মে আছেন। টেস্ট সিরিজেরও আগে তার বিরুদ্ধে আমাদের পরিকল্পনা ছিল। কিন্তু এখন পর্যন্ত তিনি ভালভাবেই সেসব বাধা পার হয়ে গেছেন। তবে দ্বিতীয় টেস্টেও তাকে আটকানোর পরিকল্পনা থাকবে আমাদের।’
এ প্রসঙ্গে তিনি জানান খুলনা টেস্টের তৃতীয় দিনের পর বাংলাদেশ যেভাবে খেলেছে তাতে ক্রিকেট দুনিয়া বিস্মিত হলেও বাংলাদেশের নৈপুণ্যে তিনি অবাক হননি। মিসবাহ বলেন,‘বাংলাদেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বিশ্বকাপে যেভাবে পরিস্থিতি বুঝে নৈপুণ্য দেখিয়েছে তা জানান দেয় দল হিসেবে তারা কতটা উন্নতি করেছে। সে জন্যই আমরা তাদের কাছ থেকে কঠিন পরিস্থিতি আশা করেছিলাম। কেননা নিজেদের মাঠে তারা সবসময়েই কঠিন বিপক্ষ। তাছাড়া ২০১২ সালে পূর্ণ শক্তির দল নিয়ে এসে আমরা ম্যাচ জিতলেও ব্যাপারটা কঠিন ছিল। প্রথম টেস্টে তাদের ব্যাটসম্যানরা যে নৈপুণ্য দেখিয়েছে সে জন্য কৃতিত্ব দিতে হবে।’
এক প্রশ্নের জবাবে তিনি জানান অফ-স্পিনার সাইদ আজমল তাদের খেলার পরিকল্পনার মধ্যে আছেন। তবে তিনি মাঠে নামতে যাওয়া একাদশের কথা জানাবেন না।
