ব্রাজিলিয়ান ক্লাবের হয়ে প্রথম কোন ভারতীয় ফুটবলার হিসেবে অভিষেক হলো এফসি গোয়ার তারকা উইঙ্গার রোমেও ফার্নান্দেজের। পুরো সপ্তাহ জুড়ে ঘরোয়া আসরে ভাল খেলা অ্যাথলেটিকো পারানায়েন্সের হয়ে ন্যাসিওনালের বিপক্ষে সফল অভিষেক হয়েছে ফার্নান্দেজের।
২২ বছর বয়সী এই উইঙ্গার ইন্ডিয়ান সুপার লীগে (আইএসএল) তিনটি গোল করেছেন এবং ১১টিতে সহযোগিতা করেছেন। পারানা স্টেট লীগে শেষ রাউন্ডের ম্যাচে দ্বিতীয়ার্ধে ফার্নান্দেজ মাঠে নেমেছিলেন। নিজস্ব ওয়েবসাইটে তার সম্পর্কে বিশেষভাবে মন্তব্য করে ক্লাবটি জানিয়েছে ব্রাজিলিয়ান লীগ ম্যাচে এর মাধ্যমে প্রথম কোন ভারতীয় ফুটবলারের অভিষেক হলো।
গোয়ার আসোনলায় জন্মগ্রহণকারী ফার্নান্দেজ ফেব্রুয়ারিতে ব্রাজিলে আসেন এবং সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের সাথে অনুশীলন সংক্রান্ত একটি পার্টনারশিপ চুক্তি হবার পরে অ্যাথলেটিকো ক্লাবে যোগদান করেন। তারপর থেকে ভারতের অনূর্ধ্ব-২৩ জাতীয় দলের এই উইঙ্গার দলের রিজার্ভ খেলোয়াড়দের সাথে অনুশীলনে যোগ দেন। কিন্তু ন্যাসিওনালের বিপক্ষে ম্যাচের আগে তাকে সিনিয়র দলে টেনে নিয়ে আসা হয়।
