স্বাস্থ্যসেবা নিয়ে রাজনীতি করবেন না

আপডেট : ০৬ মে ২০১৫, ১৯:০৪

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপি নেত্রীর উদ্দেশে বলেছেন, রাজনীতি ও আন্দোলনে আপনি ব্যর্থ হয়েছেন। যুদ্ধাপরাধীদের সাথে মিলে আপনার নেতিবাচক রাজনীতির কারণে দেশের অনেক ক্ষতি হয়েছে। দয়া করে স্বাস্থ্য সেবা নিয়ে কোন রাজনীতি করবেন না।

 
গতকাল বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব অ্যাজমা দিবস-২০১৫ উপলক্ষে দি চেস্ট এন্ড হার্ট এসোসিয়েশন অব বাংলাদেশ ও অ্যাজমা এসোসিয়েশন বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
মোহাম্মদ নাসিম বলেন, স্বাস্থ্য খাতে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। বেড়েছে স্বাস্থ্য সেবার মান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে একযোগে ৬ হাজারের বেশি চিকিত্সককে নিয়োগ দেয়া হয়েছে। চিকিত্সা সেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে গেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্বাস্থ্য সেবা গ্রামাঞ্চলের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে হেলথ কমিউনিটি ক্লিনিক ব্যবস্থা চালু করা হয়। কিন্তু ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে সেই ব্যবস্থা বন্ধ করে দেয়। আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসে হেলথ কমিউনিটি ক্লিনিক পুনরায় চালু করেছে। গ্রামের দরিদ্র মানুষ ইতিমধ্যে এই ব্যবস্থার সুফল ভোগ করতে শুরু করেছে।
 
সংগঠনের সভাপতি অধ্যাপক মির্জা মোহাম্মদ হিরনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বিএমএ’র মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, অ্যাজমা এসোসিয়েশন বাংলাদেশের সভাপতি ডা. মো. সাইদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
 
‘আরো ১০ হাজার নার্স নিয়োগ করা হবে’
 
এদিকে সকালে ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নার্সিং কলেজ প্রাঙ্গণে আন্তর্জাতিক মিডওয়াইফ (ধাত্রী) দিবস উপলক্ষে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন,
 
শিগগিরই আরো ১০ হাজার নার্স নিয়োগ করা হবে। তিনি বলেন, স্বাস্থ্য সেবার ক্ষেত্রে নার্সদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই চিকিত্সকদের সাথে আনুপাতিক হারে তাদের নিয়োগ দিতেই এই ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, নার্সিং কর্মকর্তাদের পদোন্নতি নিয়ে জটিলতা রয়েছে। এ কারণে তারা পদোন্নতি থেকে বঞ্চিত। এ জটিলতা দ্রুত নিরসন করা হবে।
 
এর আগে মন্ত্রী বেলুন ও পায়রা উড়িয়ে আন্তর্জাতিক মিডওয়াইফ (ধাত্রী) দিবসের কর্মসূচি উদ্বোধন করেন। নার্সিং দিবস উপলক্ষে আয়োজিত মেলার উদ্বোধন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক, ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ইসমাইল, নার্সিং কাউন্সিলের রেজিস্টার সুরাইয়া বেগম, সেবা পরিদপ্তরের পরিচালক নিলুফার ফরহাদ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরু করতে সকালে নার্সিং কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রী ও কর্মকর্তারা একটি শোভাযাত্রা বের করেন।