উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিককে হারিয়েছে জুভেন্টাস। এই জয়ের ফলে ফাইনালে এক পা দিয়ে রাখল সেরি আর চ্যাম্পিয়নরা।
মঙ্গলবার রাতে ঘরে মাঠে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে জুভেন্টাস। তাই ফাইনালে উঠতে আগামী বুধবার নিজেদের মাঠে কমপক্ষে ১-০ গোলে জিততে হবে রিয়ালকে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে স্বাগতিকরা। দ্রুত ফলও পেয়ে যায় তারা; আলভারো মোরাতার গোলে এগিয়ে যায় জুভেন্টাস। গোলে ভূমিকা রাখেন কার্লোস তেভেস। ২৭ মিনিটের মাথায় দলকে সমতায় ফেরান রোনালদো। হামেস রদ্রিগেসের আড়াআড়ি উঁচু করে বাড়ানো বলে ছোট ডি বক্সের মধ্যে হেড করে রেকর্ড গড়া গোলটি করেন এবারের ফিফা ব্যালন ডি’ অর জয়ী। দুই দলের সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন তেভেস। পাল্টা আক্রমণে বল নিয়ে ক্ষিপ্র দৌড়ে রিয়ালের ডি বক্সে ঢুকে পড়েন তেভেস। কিন্তু পেছন থেকে তাকে দানি কারবাহাল ফাউল করলে পেনাল্টি পায় জুভেন্টাস। রিয়াল বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া না করলে ফলাফল ভিন্নও হতে পারত।
