‘হিট অ্যান্ড রান’ মামলায় বলিউড তারকা সালমান খানকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার মুম্বাইয়ের সেশন আদালতের বিচারক ডি. ডব্লিউ দেশপান্ডে এই রায় ঘোষণা করেন।
প্রতিবেদনে বলা হয়েছে,সালমান খানের বিরুদ্ধে আনা সাতটি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এর মধ্যে দণ্ডনীয় নরহত্যার অভিযোগও রয়েছে।
রায় ঘোষণার সময় বিচারক সালমান খানকে বলেছেন, আপনিই ঐদিন লাইসেন্স ছাড়া মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন।
তিনি বলেন, সালমান খানের গাড়িচালক অশোক সিং যে ঐদিন গাড়ি চালাচ্ছিলেন তা প্রমাণিত নয়।
অবশ্য সালমান খান তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ নাকোচ করে দিয়েছেন।
এর আগে সকালে সালমান তার বান্দ্রার বাসা থেকে মার্সিটিজ বেঞ্চে চড়ে আদালতের এসেছেন। তার গাড়িচালক অশোক সিং তাকে আদালতে নিয়ে এসেছেন।
প্রসঙ্গত, ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর মাসে এই অভিনেতার গাড়ির নিচে চাপা পড়ে একজন নিহত ও চারজন আহত হয়েছিলেন।
প্রসিকিউশন দাবি করেছেন, সালমান রেইন বার ও জুজুর একটি রেস্টুরেন্টে মদ পান করেছিলেন। এরপর মদ্যপ অবস্থায় গাড়ি চাল নোর সময় তিনি নিয়ন্ত্রণ হারান। এতে ফুটপাথে ঘুমিয়ে থাকা এক ব্যক্তি নিহত ও চারজন আহত হন।
পাবলিক প্রসিকিউটর প্রদীপ ঘারাট বলেছেন, সালমানের বিরুদ্ধে দৃঢ় প্রমাণ রয়েছে। প্রথমে এই মামলা ম্যাজিস্টেট আদালতে যায়। সেখানে আমার ১৭ জন সাক্ষীকে হাজির করি। সেশন আদালতে যাওয়ার পর সেখানে আমার ২৭ জন সাক্ষীকে হাজির করি।
প্রসিকিউশন আরো অভিযোগ করেছেন, এই ঘটনার পর সালমান সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন এবং তিনি পুলিশকে তা জানাননি।
কিন্তু বলিউড অভিনেতা আদালতে বলেছেন, তিনি সেখানে ১৫ মিনিট অপেক্ষা করেছিলেন। তিনি ঐ দিন মদ্যপান করেননি এবং দুর্ঘটনার সময় তার গাড়িচালক অশোক সিং চালকের আসনে বসে ছিলেন।
আসামিপক্ষের একমাত্র সাক্ষী অশোক সিং আদালতে বলেছেন, দুর্ঘটনার সময় তিনি চালকের আসনে ছিলেন। টায়ার ফেটে যাওয়ায় ও ব্রেক কাজ না করায় এই দুর্ঘটনা ঘটে।
