প্রিয় শিষ্য লিওনেল মেসি গোল না পেলে খুশি হবেন গুরু পেপ গার্দিওলা? পেপ গার্দিওলা পরাজয় বরণ করে ছাড়বেন ক্যাম্প ন্যু, আর সেটা নীরবে মেনে নিতে হবে প্রিয় শিষ্য মেসিকে? একের পর এক গোল করে যে গুরুর মুখে হাসি ফুটিয়েছেন, সেই গুরুর মুখের হাসি কাড়তে আজ গোল করবেন মেসি? পেশাদারিত্ব আজ এমনই বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে বিশ্বখ্যাত এই গুরু-শিষ্যকে।
বার্সেলোনা ছেড়ে আসার পর কোচ পেপ গার্দিওলা প্রথমবারের মতো ক্যাম্প ন্যুতে ফিরছেন। তবে তা বিপক্ষ কোচ হিসেবেই। কেননা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনার প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখের কোচ হিসেবেই সেখানে যাবেন তিনি। এ সফরে তার লক্ষ্য থাকবে ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের মতোই বার্সার বিপক্ষে বায়ার্নকে জয় এনে দেয়া। গার্দিওলার পূর্বসুরী ইয়ুপ হেইঙ্কেসের তত্ত্বাবধানে বায়ার্ন সেবার ট্রেবল জয়ের পথে ইউরোপের ক্লাব ফুটবলের সর্বোচ্চ এ আসরটির সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে কাতালান ক্লাবটিকে ৭-০ গোলে হারিয়েছিলো।
গার্দিওলার বায়ার্ন চলতি মৌসুমেও ট্রেবল জয়ের ধারায় ছিলো। আগেভাগেই বুন্দেশলিগা নিশ্চিত করে বায়ার্ন এই সম্ভাবনা যখন জোরালো করলো, এরপরই জার্মান কাপের সেমিফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে হেরে গিয়ে ট্রেবল জয়ের পথ খোয়ায় দলটি। তাছাড়া বুন্দেশলিগায় লেভারকুসেনের কাছে ২-০ গোলে হারায় ক্যাম্প ন্যুতে আসার আগে প্রস্তুতিটাও ভালো হয়নি বায়ার্নের।
সে তুলনায় ছন্দে আছে আজকের ম্যাচের স্বাগতিক বার্সেলোনা। স্প্যানিশ লিগের সর্বশেষ খেলায় গত শনিবার কর্ডোবার বিপক্ষে ৮-০ গোলের জয় নিয়ে বায়ার্নকে মোকাবেলার জন্য নিজেদের প্রস্তুতিটা ভালো করেই সেরে রেখেছে কোচ লুই এনরিকের দল। তাছাড়া দারুণ ফর্মে আছে বার্সার তিন তারকা স্ট্রাইকার লিওনেল মেসি, নেইমার ও লুই সুয়ারেজ। তাদের আটকানোই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে জার্মান জায়ান্ট বায়ার্নের জন্য।
বাংলাদেশ সময় আজ বুধবার রাত ১২.৪৫ মিনিটে খেলাটি অনুষ্ঠিত হবে
