নেত্রকোনার পূর্বধলায় সুদীপ্তা রানী দাস দীবা নামে এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের নয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। দীবা ময়মনসিংহের ফুলপুর উপজেলার পসাইর গ্রামের সুরেশ চন্দ্র দাসের মেয়ে ও পূর্বধলা উপজেলা সদরের আরবান একাডেমির সপ্তম শ্রেণির ছাত্রী ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত দীবার মা দিপালী রানী দাস বেসরকারি সংস্থা ব্র্যাক পূর্বধলা শাখায় কর্মরত। তিনি তার দুই মেয়েকে নিয়ে উপজেলা সদরের নয়াপাড়া গ্রামের রমেন্দ্র পালের বাড়িতে ভাড়া থাকতেন।
গতকাল বিকালে দীবা ও তার ছোট বোন প্রথম শ্রেণির ছাত্রী সেবা স্কুল থেকে বাড়ি ফিরে তাদের নিজ ঘরে খেলা করছিল। সন্ধ্যা সাতটার দিকে হঠাৎ সেবার চিত্কারে বাড়ির লোকজন ঘরের আড়ায় ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দীবার লাশ দেখতে পায়।
পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এস আই) নূরুল আমিন জানান, ধারণা করা হচ্ছে গলায় ওড়না পেঁচিয়ে খেলতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটতে পারে। ময়নাতদন্ত ছাড়াই দীবার পরিবার লাশ নিয়ে গেছে।
