ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সেখানকার নবনির্বাচিত মেয়ররা। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে তারা কথা বলেন।
যানজট, রাস্তা ও ফুটপাত মেরামত এবং পরিচ্ছন্ন নগরীর উপর গুরুত্ব দেবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
তিনি বলেন, আমার বাবা ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মরহুম মোহম্মদ হানিফের মতো সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করব।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক তাকে নির্বাচিত করার জন্য ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান। এসময় তিনি পরিচ্ছন্ন ও নিরাপদ নগরী গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, একজন মেয়র একা একটি নগরীর উন্নয়ন করতে পারে না, এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।
আনিসুল হক বলেন, সুন্দর ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়া হবে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, নগরীর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে সরকার প্রণীত ১৯৯৫ সালের মাস্টার প্লান পর্যালোচনা করবেন। এই মাস্টার প্লান বাস্তবায়িত বা বাতিল হয়নি। এজন্য এনিয়ে পুনঃচিন্তা-ভাবনার সুযোগ রয়েছে।
