সুন্দরবনে জাহাজ ডুবি: তদন্ত কমিটি গঠন

আপডেট : ০৬ মে ২০১৫, ১৮:২৯



সুন্দরবনের শরণখোলা রেঞ্জে ভোলা নদীর বিমলের চর এলাকায় গত ৩ মে রোববার সারবাহী একটি জাহাজ ডুবির ঘটনায় পরিবেশ ও বন মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করেছে।

খুলনা অঞ্চলের বন সংরক্ষককে আহ্বায়ক করে বুধবার ৭ সদস্যবিশিষ্ট এ তদন্ত কমিটি গঠন করা হয়।

দুর্ঘটনার কারণ উদঘাটন, দায়-দায়িত্ব ও ক্ষয়ক্ষতি নিরূপণ, ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা প্রণয়ন ও অন্যান্য করণীয় সম্পর্কে সরেজমিনে তদন্তপূর্বক সুপারিশসহ আগামী পাঁচ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন প্রদানের জন্য কমিটিকে নির্দেশনা দেয়া হয়েছে।

কমিটির অন্য সদস্যগণ হলেন- পরিবেশ অধিদপ্তরের একজন প্রতিনিধি, বাগেরহাটের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের একজন করে প্রতিনিধি, কোস্ট গার্ড ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের একজন করে প্রতিনিধি এবং সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (সদস্য সচিব)।