তালিকাভুক্তির প্রথম ২ দিন সার্কিট ব্রেকার থাকবে না

আপডেট : ০৬ মে ২০১৫, ১৮:৪১
 
 
 
 
 
পুঁজিবাজারে তালিকাভুক্ত নতুন কোম্পানির শেয়ার লেনদেনে সার্কিট ব্রেকারের সময়সীমা কমিয়ে আনা হচ্ছে। এখন থেকে নতুন তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে প্রথম দুই দিন সার্কিট ব্রেকার থাকবে না। বুধবার কমিশন সভায় এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ সংক্রান্ত আদেশ জারির পর থেকে তা কার্যকর করা হবে।
 
বিএসইসি জানিয়েছে—আগে পূর্ববর্তী লেনদেন দিবসের শেয়ার মূল্যের ওপর শতকরা হারে এবং একটি নির্দিষ্ট পরিমাণের বেশি মূল্য কম বা বেশি না হওয়ার বিষয়ে সার্কিট ব্রেকার ছিল। এখন থেকে কোনো একটি শেয়ারের মূল্যের বাড়া-কমা সংক্রান্ত সার্কিট ব্রেকার শুধু শতকরা হারে হবে।
 
বর্তমানে তালিকাভুক্তির প্রথম ৫ দিন পর্যন্ত নতুন কোম্পানির লেনদেনে সার্কিট ব্রেকার থাকে না। সার্কিট ব্রেকার না থাকায় নতুন কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধির ঘটনা ঘটছে। অস্বাভাবিক দরবৃদ্ধির এ প্রবণতা রোধ করতে সার্কিট ব্রেকারের সীমা ৫ দিনের পরিবর্তে দুই দিনে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
 
প্রসঙ্গত, সার্কিট ব্রেকারের মাধ্যমে এক দিনে শেয়ার দর সর্বোচ্চ কি পরিমাণ বাড়তে বা কমতে পারে তা নির্ধারণ করা হয়।