বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান এ্যাডভোকেট আবদুল মোবিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি------রাজিউন। ব্রেন-স্ট্রোকে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর তিনটা ১০ মিনিটে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
বাংলাদেশ ইসলামিক পার্টির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মাহমুদুল হাসান জানান, গত ২৯ এপ্রিল তিনি অসুস্থ হয়ে পড়েন। ৩০ এপ্রিল তাকে রাজধানীর মনোয়ারা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে ১ মে ল্যাবএইড হসপিটালে ভর্তি করানো হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায়ই তার মৃত্যু হয়। পরিবার ও পার্টির নেতৃবৃন্দ তার আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, আবদুল মোবিনের প্রথম নামাজে জানাযা গতকাল বাদ এশা বায়তুল মোকাররম মসজিদের সামনে অনুষ্ঠিত হয়।
আগামীকাল বৃহস্পতিবার বাদ যোহর কুমিল্লা বরুড়া ইউনিয়নের খোশবাস নিজ গ্রামের বাড়িতে জানাযা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
এদিকে অ্যাডভোকেট আবদুল মোবিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
