মেসিকে ছাড়িয়ে গেলেন রোনালদো

আপডেট : ০৬ মে ২০১৫, ২১:৪২



রিয়াল মাদ্রিদের তারকা স্ট্রাইকার গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে জুভেন্তাসের বিপক্ষে দলকে জেতাতে না পারলেও ছাড়িয়ে গেছেন লিওনেল মেসিকে।

বিশ্ব সেরা খেলোয়াড় হবার দৌড়ে সাম্প্রতিক কালে নিজের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীকে ছাড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোল এখন রোনালদোর। তবে এই সাফল্য উদযাপন করতে পারেননি রোনালদো। তুরিন থেকে ২-১ গোলে  পরাজয় নিয়ে ফেরে রিয়াল।

তবে আজ রাতেই রেকর্ডটা আবার নিজের দখলে নেয়ার সুযোগ ছিল মেসির সামনে। নিজেদের মাঠে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে দুই গোল করলেই মেসি আবার ছাড়িয়ে গেছেন রোনালদোকে।

খেলার অষ্টম মিনিটেই আলভারো মোরেতার গোলে পিছিয়ে পড়ার পর ২৭তম মিনিটে দলকে সমতায় ফেরান রোনালদো। হামেস রদ্রিগেসের আড়াআড়ি উঁচু করে বাড়ানো বলে ছোট বক্সের মধ্যে থেকে হেড করে রেকর্ড গড়া গোলটি করেন ফিফা ব্যালন ডি'অর জয়ী এই তারকা।

ইউরোপের সেরা এই ক্লাব টুর্নামেন্টে রোনালদোর গোলসংখ্যা এখন ৭৬টি। মোট ১১৪ ম্যাচ খেলে এই গোলগুলো করেন তিনি। এগুলো এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে।

ম্যাচ শুরুর আগে সমান ৭৫ গোল নিয়ে মেসির সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন রোনালদো। গতকাল রাতেই নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম অতিথি বায়ার্ন মিউনিখের মুখোমুখি হয়েছিলো বার্সেলোনা। চলতি আসরে রোনালদোর এটা নবম গোল, আর সব ধরনের প্রতিযোগিতা মিলে পুরো মৌসুমে এটা তার ৫৪তম গোল।