ভোট বিপ্লবের আহ্বান জানিয়ে খালেদা জিয়া পালিয়েছিলেন: নাসিম

আপডেট : ০৭ মে ২০১৫, ০০:২৪

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া সিটি নির্বাচনে নীরব ভোট বিপ্লবের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু ভোট শুরু শুরুর ৩ ঘণ্টা পার না হতেই উনি নিজেকে গুটিয়ে ভোটের ময়দান থেকে নীরবে পলায়ন করেন। এতে আবারো প্রমাণ হয়েছে বিএনপি নেত্রী আসলে পালানোর রাজনীতিতে বিশ্বাসী। এ কারণেই নগরবাসী সিটি নির্বাচনে তাদের প্রত্যাখান করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের ভোট দিয়েছেন।

 
গতকাল বুধবার দুপুরে শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে অনুষ্ঠিত সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের বার্ষিক সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খালেদা জিয়াকে জামায়াত ছাড়ার পরামর্শ দিয়ে মোহাম্মদ নাসিম বলেন, যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীদের সাথে আঁতাত করার কারণেই আজ বিএনপির অনেক নেতা খালেদা জিয়ার সঙ্গ ত্যাগ করছে। তিনি খালেদা জিয়াকে একাত্তরের ঘাতকদের ছেড়ে, অতীতের ভুল স্বীকার করে জনগণের কাছে ক্ষমা চেয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান।
 
ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, আজ যারা ছাত্রলীগের নেতৃত্বে রয়েছেন বা আগামীতে আসবেন তারাই আগামী দিনে আওয়ামী লীগ ও দেশের নেতৃত্ব দেবেন তাই মনে রাখতে হবে দলের পাশাপাশি দেশের জন্য প্রতিটি ছাত্রনেতাকে নিজেকে উত্সর্গ করার জন্য প্রস্তুত থাকতে হবে। তাহলেই আগামী দিনে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার অগ্রযাত্রা বাস্তবায়নে শেখ হাসিনার হাত শক্তিশালী হবে।
 
জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সন্মেলনে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, জেলা পরিষদ প্রশাসক আব্দুল লতিফ বিশ্বাস, ম ম আমজাদ হোসেন মিলন এমপি, অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, আব্দুল মজিদ মন্ডল এমপি, সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা বেগম স্বপ্না, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার তানভীর শাকিল জয়, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ, এম বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রমুখ।