শিশু তন্ময় হত্যায় একজনের মৃত্যুদণ্ড

আপডেট : ০৭ মে ২০১৫, ১৭:২৫
 
রাজধানীর মিরপুরের মুক্তিপণের দাবিতে শিশু তন্ময়কে (৭) অপহরণ করে হত্যার দায়ে জহিরুল ইসলাম নামে (২৭) এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক তানজিনা ইসমাইল এই আদেশ দেন।
 
সাজার পাশাপাশি জহিরুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় তিনি আদালতে হাজির ছিলেন।
 
২০১২ সালের মার্চে তন্ময়কে অপহরণ করেন তাদের বাড়ির ভাড়াটিয়া জহিরুল ইসলাম। ঐদিনই তন্ময়ের বাবা মিরপুর থানায় মামলা করেন। তন্ময়কে অপহরণের পর তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে জহিরুল। পরে মোবাইল ফোনের সূত্র ধরে তাকে গ্রেফতার ও বাসা থেকে তন্ময়ের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।