আব্বাস-খোকাসহ ৩৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

আপডেট : ০৭ মে ২০১৫, ১৭:৩২
 
গাড়ি ভাংচুর ও হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সাদেক হোসেন খোকাসহ ৩৭ জনের বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম এস এম আনিসুর রহমানের আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার এসআই মামুনুর রশিদ বৃহস্পতিবার আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন।
 
ঢাকা মহানগর হাকিম এসএম আশিকুর রহমানের আদালতে অভিযোগপত্রটি দাখিল করা হলে আদালত 'দেখিলাম' বলে তাতে স্বাক্ষর করে। আব্বাস ও সাদেক হোসেন খোকা ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমান, সালাউদ্দিন আহমদসহ ৩৭ জনের নাম উল্লেখ রয়েছে।
 
২০১৩ সালের ২৯ ডিসেম্বর মালিবাগ থানাধীন চৌধুরী পাড়ায় বিএনপি জোটের 'মার্চ ফর ডেমোক্রেসি' পালনের সময় ককটেল, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মনসুর প্রধানিয়া নামের একজন মারা যায়। তার পরদিন ওই ঘটনায় রামপুরা থানার উপ-পরিদর্শক আল মামুন বাদী হয়ে মামলা দায়ের করেন।