ভারতের লোকসভায় স্থল সীমান্ত বিল পাস

আপডেট : ০৭ মে ২০১৫, ২১:১৩


বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন ইতিহাস রচিত হলো। বৃহস্পতিবার ভারতের লোকসভায় স্থল সীমান্ত বিল পাস হয়েছে।

বিলের পক্ষে ৩৩১ ভোট পড়ে। বিপক্ষে কোন ভোট পড়েনি। বিকেল ৬টা ২০ মিনিটে বিলটি পাস হয়।

 এরআগে বুধবার রাজ্যসভায় দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা স্থল সীমান্ত বিলটি সর্বসম্মতক্রমে (১১৯তম সাংবিধানিক সংশোধনী) পাস হয়। রাজ্যসভায় পাস হওয়ার পর ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আজ সকালে বিলে তার সম্মতি প্রদান করেন।

বিকেলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এই সংবিধান সংশোধনী বিলটি পাসের জন্য লোকসভায় পেশ করেন। বিল পাসকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত ছিলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন।

আজ লোক সভায় পাস হওয়ার পর স্থলসীমানা চুক্তি বাস্তবায়ন দ্বিতীয় ধাপ উত্তীর্ণ হলো। এরপর ভারতের বিভিন্ন রাজ্যের বিধান সভায় বিলটি উত্থাপন করা হবে। ৩০টি বিধান সভার কমপক্ষে ১৫টি বিধান সভা অনুমোদন করলেই এই সংবিধান সংশোধনী বিল পাসের প্রক্রিয়া শেষ হবে। এরপর প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে ছিটমহল বিনিময়, এডভার্স পজিশন ল্যান্ড এবং অনির্ধারিত সীমানা নিধারনের কাজ শুরু হবে।

আজকেও ভারতের সকল রাজনৈতিক দলের সদস্যরা বিলটি উত্থাপনের জন্য সুসমা স্বরাজকে অভিনন্দন জানিয়ে বিলটির প্রতি সমর্থন জানান।

বিলের উপর আলোচনায় অংশ গ্রহণকারী বেশীর ভাগ লোকসভার সদস্য বলেন, এই চুক্তি বাস্তবায়ন হলে দুই দেশের দীর্ঘদিনের সীমান্ত সমস্যার সমাধান হবে। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করবে । পাশাপাশি ছিটমহলে বসবাসরত হাজার হাজার মানুষের দীর্ঘদিনের অমানবিক সমস্যার সমাধান হবে। বক্তারা ছিটমহলবাসীর শিক্ষা, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চনার কথা তুলে ধরেন।

 সুসমা স্বরাজ বিলের তাৎপর্য তুলে ধরে বলেন, এই বিল পাসের মধ্যে দিয়ে দু দেশের ধীর্ঘ দিনের সীমানা সমস্যার সমাধান হবে। তিনি বিলটি সমর্থন করার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি বলেন, আমরা বিশ্ববাসীকে দেখাতে চাই আমরা এই বিষয়ে সবাই একমত। তিনি বলেন, ভারত কোন প্রতিবেশীর বিগ ব্রাদার নয়, আমরা এল্ডার ব্রাদার হতে পারি।

সুষমা স্বরাজ বলেন, এ বিল পাসের মধ্য দিয়ে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের ক্ষেত্রে ১৯৭১ সালের স্প্রিট ফিরে এসেছে।

বিলের পক্ষে বক্তব্য দেন সমাজবাদী দলের মুলায়েম সিং জাদব, কংগ্রেসের অধীর রঞ্জন চৌধূরী তৃণমূলের সুগত ঘোস, কংগ্রেসের (আসাম) গৌরব গগুই, সিপিএম-এর মোহাম্মদ সেলিম, আন্নাডিএম কে র সিরাজ উদ্দিন আহম্মেদ প্রমুখ।

বক্তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা স্মরণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নাম উল্লেখ করেন। তারা বলেন, ২০১১ সালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর বাংলাদেশ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের জন্যে সমোঝোতা স্বারক স্বাক্ষর করেন ।