খালেদা জিয়ার বড়পকুরিয়া মামলার নথি উপস্থাপন

আপডেট : ০৭ মে ২০১৫, ১৯:৫৩
বড়পকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা বাতিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আবেদনের ওপর চূড়ান্ত শুনানি শুরু হয়েছে।  বৃহস্পতিবার শুনানিতে মামলার নথি উপস্থাপন করেন খালেদার আইনজীবীরা। এর আগে গ্যাটকো ও নাইকো মামলার নথি উপস্থাপন শেষ হয়। পরে বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের ডিভিশন বেঞ্চ আগামী ১৩ মে পর্যন্ত শুনানি মুলতুবি করেন। 
খালেদা জিয়ার পক্ষে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ও ব্যারিস্টার একেএম এহসানুর রহমান এসব নথি উপস্থাপন করেন। দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান উপস্থিত ছিলেন। 
 
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করে গ্যাটকো, নাইকো ও বড় পকুরিয়া কয়লা খনি মামলা। 
২০০৭ ও ২০০৮ সালে দায়েরকৃত এসব মামলায় খালেদা জিয়াসহ চারদলীয় জোট সরকারের মন্ত্রী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। ওই সময় এই তিনটি মামলা দায়েরের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক পৃথক আবেদন করেন বিএনপি চেয়ারপার্সন। ওইসব আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুল জারি করে। সাত বছর পর চলতি মাসের প্রথম সপ্তাহে বড়পকুরিয়া কয়লা খনি মামলা বাতিল প্রশ্নে জারিকৃত রুল শুনানির জন্য বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চে আবেদন করা হয়। কিন্তু রুল শুনানিতে খালেদা জিয়ার আইনজীবীরা অংশ না নেওয়ায় চারটি আবেদন প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেয় হাইকোর্ট। পরে প্রধান বিচারপতি আবেদনগুলো নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট বেঞ্চে পাঠান।