সিআইপি সম্মাননা পেলেন ৫৬ শিল্প উদ্যোক্তা

আপডেট : ০৭ মে ২০১৫, ১৯:০১
 
শিল্পক্ষেত্রে অবদানের জন্য ৫৬ জন শিল্প উদ্যোক্তা সিআইপি-শিল্প (বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব) সম্মাননা পেয়েছেন। বেসরকারি খাতে শিল্প স্থাপন, পণ্য উত্পাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় আয় বৃদ্ধিসহ সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তারা সিআইপি নির্বাচিত হয়েছেন।
 
বৃহস্পতিবার রাজধানীর পূর্বানী হোটেলে আনুষ্ঠানিকভাবে সম্মাননা তুলে দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। অনুষ্ঠানে সাত ক্যাটাগরিতে ৫৬ জন শিল্প উদ্যোক্তার মাঝে এ সম্মাননা বিতরণ করো হয়।
 
এর মধ্যে বিভিন্ন চেম্বার ও সংগঠন থেকে পদাধিকার বলে ১২ জন, বৃহৎ শিল্প ক্যাটাগরিতে ২১ জন, মাঝারি শিল্প ক্যাটাগরিতে ৯ জন, ক্ষুদ্র ও কুটির শিল্প ক্যাটাগরিতে ৯ জন এবং সেবা খাতে ৫ জন সিআইপি নির্বাচিত হয়েছেন।
 
এ সময় শিল্পমন্ত্রী বলেন, বিশ্ব মন্দার কারণে উন্নত দেশগুলোতে লাখ লাখ শ্রমিক ছাঁটাই হলেও বাংলাদেশে কোনো শ্রমিক কর্মচ্যুত হয়নি। হরতাল অবরোধের নামে বিরোধী দরের ধ্বংসাত্নক কর্মসূচী সত্বেও উদ্যোক্তাসুলভ মানসিকতার কারণে দেশ এগিয়ে যাচ্ছে।
 
এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, এসিআই ফরমুলেশনস লিমিটেডের চেয়ারম্যান আনিস উদ-দৌলা প্রমুখ বক্তব্য রাখেন।
 
অনুষ্ঠানে বক্তারা বলেন, আনুষ্ঠানিকভাবে সিআইপি কার্ড প্রদানের ফলে উদ্যোক্তারা শিল্প স্থাপনে আরো উত্সাহিত হবেন বলে তারা মন্তব্য করেন। 
 
শিল্প সচিব মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফরহাদ উদ্দিন বক্তব্য রাখেন।
 
উল্লেখ্য, সিআইপি পরিচয়পত্রধারীরা আগামী এক বছর সরকার প্রদত্ত বিভিন্ন সুবিধা ভোগ করতে পারবেন। সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। বিভিন্ন জাতীয় অনুষ্ঠান এবং সিটি কর্পোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ, ব্যবসা সংক্রান্ত ভ্রমণের সময় বিমান, রেলপথ, সড়ক ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণে অগ্রাধিকার, বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুবিধা, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ভিসা প্রাপ্তির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট দূতাবাসে ‘লেটার অব ইনট্রুডাকশন’ দেয়া হবে।
 
এছাড়া তাদের স্ত্রী, পুত্র, কন্যা ও নিজের চিকিত্সার জন্য হাসপাতালের কেবিন সুবিধার ক্ষেত্রে অগ্রাধিকার থাকবে।