বিল পাসের কথা ফোনে শেখ হাসিনাকে জানালেন মোদি

আপডেট : ০৭ মে ২০১৫, ২১:৪৮
 
ভারতের লোকসভায় বাংলাদেশের সঙ্গে ভারতের স্থল সীমান্ত চুক্তি বিল পাশ হওয়ায় শেখ হাসিনা ও তার সরকার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন।
 
বৃহস্পতিবার সন্ধ্যায় লোকসভায় সর্বসম্মতভাবে বিলটি পাশ হওয়ার পর নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন।
 
এ সময় ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭৪ সালের ১৮ মে আপনার পিতা বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারতের তত্কালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যে চুক্তি স্বাক্ষর করেছিলেন আজ আপনার সরকারের সময় সেই মে মাসেই ওই চুক্তিটি বিল আকারে পাশ হল।’
 
ফোনালাপকালে শেখ হাসিনা লোকসভায় স্থল সীমান্ত চুক্তি বিল পাশ হওয়ায় ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী, বিরোধী দলীয় নেতা সোনিয়া গান্ধী, ভারত সরকার, লোকসভা ও রাজ্যসভার সকল সদস্য, প্রশাসন এবং ভারতের জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। বাংলাদেশের দুঃসময়ে ভারত সর্বদাই পাশে ছিল, এখনো আছে।
 
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে সকল ছিটমহলবাসীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি ছিটমহলবাসীর নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার জন্য প্রশাসনকে নির্দেশ দেন।
 
 শেখ হাসিনা বলেন, এই স্থল সীমান্ত চুক্তি বিল পাশ হওয়ার মাধ্যমে এই উপমহাদেশের তথা বিশ্বের বরেণ্য দুই নেতার অঙ্গিকার বাস্তবায়ন হল। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি আন্তঃ আঞ্চলিক সম্পর্কোন্নয়নে নতুন মাইলফলক রচনা করবে। শেখ হাসিনা বাংলাদেশ-ভারত মৈত্রী সম্পর্কের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
 
বাংলাদেশের প্রধানমন্ত্রীকে টেলিফোনের খবর জানিয়ে টুইটও করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইটে লিখেছেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হল। ঐতিহাসিক এই মুহূর্তে তার মাধ্যমে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানালাম।’