সালমানের অন্তর্বর্তী জামিন চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা

আপডেট : ০৭ মে ২০১৫, ২৩:০৭
 
হিট অ্যান্ড রান মামলায় সালমান খানের অন্তর্বর্তীকালীন জামিনের বিরোধিতা করে মামলা দায়ের করা হয়েছে ভারতের সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার শীর্ষ আদালতে দেশটির ডানপন্থী রাজনৈতিক দল মহানির্বাণ সেনার পক্ষ থেকে সালামানের দুই দিনের অন্তর্বর্তী জামিন চ্যালেঞ্জ করে এই মামলা দায়ের করা হয়।
 
সালমানের বিরুদ্ধে আনা সবকটি অভিযোগেই তিনি দোষী সাব্যস্ত করা হয়েছেন। জানিয়ে দেয়া হয় পাঁচ বছর কারাবাসে থাকতে হবে। সেই সাজা ঘোষণার মাত্র ৩ ঘণ্টার মধ্যেই দুই দিনের অন্তর্বর্তী জামিন পেয়েছেন তিনি। তখনই প্রশ্ন উঠে, সাজাপ্রাপ্ত আসামীর অন্তর্বর্তী জামিন পাওয়া কীভাবে সম্ভব?
 
ভারতের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, দেশটির অন্যতম হাই প্রোফাইল আইনজীবী হরিশ সালভে বম্বে হাইকোর্টের বিচারপতি অভয় থিপসের কাছে সালমানের জামিনের আবেদন করেন। সালমানের শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন জানান তার আইনজীবী। পরে এই আইনজীবী দাবি করেন এই প্রক্রিয়ায় জামিন নেয়া বেআইনি নয়।
 
দায়রা আদালতের রায় যে তার বিরুদ্ধেই যাবে সেই বিষয়ে আগেই আঁচ করেছিলেন সালমান। তাই আগে থেকেই বম্বে হাইকোর্টে জামিনের আবেদনের বিষয়ে পরিকল্পনা করেই রেখেছিলেন তিনি। ভারতের অনেক আইনজীবী আবার মনে করছেন, সেলেব্রিটি হওয়ার সুবাদেই সালমান এই সুবিধা পেয়েছেন।
 
জামিন নিয়ে আপাতত পরিবারের সাথে নিজের বাড়িতে রয়েছেন সালমান। তবে দুই দিনের অন্তর্বর্তী জামিন শেষে শুক্রবার কী শোনাবে বম্বে হাইকোর্ট, তা নিয়ে হয়ত দুশ্চিন্তাতেই রয়েছেন তিনি। সূত্র: জিনিউজ