‘খালেদা জিয়ার বিচার নিয়ে দেনদরবারে কাজ হবে না’

আপডেট : ০৭ মে ২০১৫, ২১:১৫
 
 
 
 
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের মতোই বিএনপি নেত্রী খালেদা জিয়ারও বিচার করা হবে। এ জন্য তিনি (খালেদা জিয়া) বিশ্ব মোড়লদের কাছে যতই দেনদরবার করেন না কেন, কোনো লাভ হবে না। শেখ হাসিনা কোনো চাপের কাছেই নতিস্বীকার করবেন না।’ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
 
২০০৭ সালের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে ১/১১-র প্রেক্ষাপটে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
 
খাদ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতৃত্বাধীন জোটের অবরোধ-হরতালের সময় নাশকতাকারীদের বিচারে দেশের প্রতিটি বিভাগে ট্রাইব্যুনাল গঠিত হচ্ছে। যারা সন্ত্রাস ও মানুষ হত্যা করেছে, তাদের সঙ্গে যারা এ হামলায় ইন্ধন দিয়েছে, সকলেরই বিচার করা হবে। প্রত্যেককে আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে। অপরাধীরা নিজেদের বাঁচাতে যতই চেষ্টা করুক না কেন, আমাদের বিচার করতেই হবে। আইনের দৃষ্টিতে সবাই সমান।’
 

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাওছারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, সিনিয়র সহসভাপতি নির্মল রঞ্জন গুহ, মহানগর উত্তর শাখার সভাপতি মোবাশ্বের চৌধুরী, দক্ষিণ শাখার সভাপতি দেবাশীষ বিশ্বাস, সাধারণ সম্পাদক আরিফুল রহমান টিটু প্রমুখ বক্তব্য রাখেন।