বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) চার দিনের ম্যাচে রনি তালুকদারের সেঞ্চুরিতে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিপক্ষে প্রথম দিনে ২৪৮/৭ রান সংগ্রহ করেছে ওয়ালটন মধ্যাঞ্চল।
অন্যদিকে, বৃহস্পতিবার দিনের অপর খেলায় বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে চার উইকেট হারিয়ে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের সংগ্রহ ২৫০ রান।
মধ্যাঞ্চল-দক্ষিণাঞ্চল:
ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে মধ্যাঞ্চল। রনি তালুকদারের সঙ্গে ৬৯ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন শামসুর রহমান শুভ (৩০)। তিনে ব্যাট করতে নামা রকিবুল হাসানের সঙ্গে ৯৩ রানের জুটি গড়েন রনি তালুকদার।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়ালটনের দলটি। পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে খেলা পেসার মুস্তাফিজুর রহমানের শিকার হওয়ার আগে ১৯ চার ও এক ছক্কায় ১০৬ রান করে ফেরেন রনি তালুকদার।
খানিক ব্যবধানে আব্দুর রাজ্জাকের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন রকিবুল হাসান (৪২)। এরপর একেএকে উইকেট হারান মার্শাল আইয়ুব (৩২), মেহরাব হোসেন জুনিয়র (১৭), জাহিদ হোসেন (৭) ও শরিফ উল্লাহ (০)।
প্রথম দিনের খেলা শেষে ৭ ও ২ রানে অপরাজিত আছেন তানভির হায়দার ও মোশাররফ হোসেন রুবেল। প্রাইম ব্যাংকের হয়ে ৭৫ রানের খরচায় দুই উইকেট নেন আব্দুর রাজ্জাক।
পূর্বাঞ্চল-উত্তরাঞ্চল:
চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে পূর্বাঞ্চলকে আগে ব্যাটিংয়ে পাঠায় উত্তরাঞ্চল। ৭৫ রানে টপঅর্ডার তিন ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় সারোয়ার ইমরানের শীষ্যরা।
চতুর্থ উইকেটে অলক কাপালিকে সঙ্গে নিয়ে ৮৩ রানের জুটি গড়ে দলকে কিছুটা চাপমুক্ত করেন ওপেনার সাদমান ইসলাম।
আগের রাউন্ডে দুর্দান্ত ব্যাটিং করে দলকে নাটকীয় জয় এনে দেয়া সাদমান কাল মুক্তার আলীর শিকার হওয়ার আগে দশ বাউন্ডারিতে ৬৯ রান করেন। ছয়ে ব্যাট করতে নামা আসিফ আহমেদ রাতুলকে সঙ্গে নিয়ে ৯৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন অলক কাপালি। প্রথম দিন শেষে ৮৬ ও ৫২ রানে অপরাজিত আছেন অধিনায়ক অলক কাপালি ও আসিফ আহমেদ রাতুল।
